শিরোপার কাছে বায়ার্ন, দূরে বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রাঙ্ক রিবেরির প্রথম গোল, বায়ার্ন মিউনিখের হলো চারটি। পরশু ভলফসবুর্গের সঙ্গে ম্যাচে সতীর্থ দান্তে আদর করে গাল টিপে দিলেন ফ্রেঞ্চ উইঙ্গারের!  এএফপি
ফ্রাঙ্ক রিবেরির প্রথম গোল, বায়ার্ন মিউনিখের হলো চারটি। পরশু ভলফসবুর্গের সঙ্গে ম্যাচে সতীর্থ দান্তে আদর করে গাল টিপে দিলেন ফ্রেঞ্চ উইঙ্গারের! এএফপি

পেপ গার্দিওলার পক্ষে কি আদৌ সম্ভব বার্সেলোনাকে ভুলে যাওয়া? বায়ার্ন মিউনিখ এখন তাঁর ধ্যানজ্ঞান, নতুন ক্লাবের ছাত্ররাও শিক্ষককে খুশি করতে নিজেদের উজাড় করে দিচ্ছেন। পরশু যেমন প্রতিপক্ষ ভলফসবুর্গকে ৬-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন। কিন্তু একই দিনে সাবেক ছাত্রদের বেহাল দশা কি ব্যথিত করেনি বায়ার্ন কোচকে? অবনমন এলাকার ভ্যালাদোলিদের কাছে ১-০ গোলে হার বার্সেলোনার! সাবেক ও বর্তমান ক্লাবের কাছ থেকে একই দিনে তাই দুই রকম অনুভূতি পেলেন পেপ গার্দিওলা।
মজার ব্যাপার হচ্ছে, বায়ার্নের বিপক্ষে প্রথম গোলটা করেছিল স্বাগতিক ভলফসবুর্গই। জেরদান শাকিরির গোলে প্রথমার্ধ শেষ ১-১ সমতায়। তখনো বোঝা যায়নি দ্বিতীয়ার্ধে খুনে হয়ে উঠবে বায়ার্ন। মারিও মানজুকিচ ও টমাস মুলার করেছেন দুটি করে গোল, ফ্রাঙ্ক রিবেরিও একটি। এই নিয়ে সর্বশেষ ৮ ম্যাচে ৩০ গোল হলো বায়ার্নের। টানা ১৬ জয় ও ৪৯ ম্যাচে অপরাজিত বায়ার্ন লিগে ১০ ম্যাচ বাকি থাকতেই নিকটতম প্রতিদ্বন্দ্বী ডর্টমুন্ডের চেয়ে এগিয়ে গেল ২০ পয়েন্টে। চাইলে গার্দিওলার দলকে এখনই লিগ শিরোপা দিয়ে দেওয়া যায়! অথচ এত কিছুর পরও পরশু রাতের পারফরম্যান্স নিয়ে পুরো সন্তুষ্ট নন গার্দিওলা, ‘সাম্প্রতিক ম্যাচগুলোয় আমরা যেমন দাপটের সঙ্গে খেলেছি আজ সেটা পারিনি।’
মেসি, নেইমার, পেদ্রো, ফ্যাব্রিগাস আর জাভিদের মতো তারকাবহুল দল নিয়েও ভ্যালাদোলিদকে হারাতে পারেনি বার্সেলোনা। ম্যাচ শেষে হারের একটা কারণ ব্যাখ্যা করেছেন বার্সা মিডফিল্ডার সার্জিও বুসকেটস, ‘আমাদের শরীরী ভাষা সঠিক ছিল না। আমরাই আমাদের কাজটা কঠিন করে ফেলেছি।’ ছাত্রের সঙ্গে অবশ্য দ্বিমত আছে কোচ জেরার্ডো মার্টিনোর, ‘আমরা কী করতে চাই সে সম্পর্কে পরিষ্কার ধারণা ছিল না। ফলে খেলায় বিচক্ষণতার অভাব ছিল। কিন্তু কোনোভাবেই এটাকে শরীরী ভাষায় সমস্যা বলা যাবে না।’
সমস্যা যেটাই হোক লিগের এই সময়ে এসে পরপর দুটি অ্যাওয়ে ম্যাচে হার দলের জন্য মহাদুশ্চিন্তার। ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনা তিনে। পরশু ডেভিড ভিয়ার জোড়া গোলে অ্যাটলেটিকো মাদ্রিদ ২-০ ব্যবধানে হারিয়েছে সেল্টা ভিগোকে। সমান ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে বার্সেলোনার চেয়ে এগিয়ে ডিয়েগো সিমিওনের দল। গত রাতে যদি রিয়াল মাদ্রিদ হারিয়ে থাকে লেভান্তেকে, তাহলে অ্যাটলেটিকোর চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে যাবে তারা। সে ক্ষেত্রে বার্সেলোনার সঙ্গে রিয়ালের ব্যবধান হবে ৪ পয়েন্টের। রিয়াল-লেভান্তে ম্যাচে তাই বিশেষ নজর ছিল বার্সার ক্রীড়া পরিচালক আন্দোনি জুবিজারেতার, ‘ওই ম্যাচের ফলের ওপর অনেক কিছু নির্ভর করছে। যদি রিয়াল জিতে যায় তাহলে আমরা আরও পিছিয়ে যাব এবং ব্যাপারটা আর আমাদের হাতে থাকবে না।’ মার্টিনো অবশ্য এতটা হতাশ নন। ব্যবধান কমাতে ২৩ মার্চ বার্নাব্যুর এল ক্লাসিকোকে পাখির চোখ বার্সা কোচের, ‘আমরা যদি আজ জিততাম কিংবা ড্র করতাম তার পরও রিয়ালের সঙ্গে ম্যাচটা আমাদের জিততেই হতো, কারণ লিগে আমরা পিছিয়ে আছি। ওই ম্যাচের আগে ১৫ দিন সময় পাচ্ছি নিজেদের ফিরে পাওয়ার।’ এএফপি।