শিরোপার কাছে সিটি, দূরে রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্নার থেকে পাওয়া বলে হেড করে হামবার্তো ওসোরিওর গোল। ম্যাচের তখন মিনিট পাঁচেক বাকি। ডাগ-আউটে জিনেদিন জিদানের পাশেই দাঁড়িয়ে ক্রিস্টিয়ানো রোনালদো। গোলের পর পরই দুজনের মাথা নিচু হয়ে গেল। বাকি সময়টা যতবার রোনালদোর দিকে ঘুরেছে টেলিভিশন ক্যামেরা, একটাই দৃশ্য চোখে পড়েছে। অস্থির রোনালদো হঁাসফঁাস করছেন।
করারই কথা। মিনিট দশেকের মধ্যেই চোট পেয়ে যখন মাঠ ছাড়লেন, দীর্ঘশ্বাস ছাড়ল ভ্যালাদোলিদের মাঠ । ৩৫ মিনিটে সার্জিও রামোসের গোল স্বস্তি এনে দিয়েছিল তাঁকে এবং রিয়াল মাদ্রিদকেও। নাহ্, শুরুতেই এভাবে রোনালদোকে হারিয়ে ফেলায় ভুগতে হবে না রিয়ালকে। এএফপি, রয়টার্স।
সেই স্বস্তি উড়ে গেল ওসোরিওর শেষ সময়ের ওই গোলে। ম্যাচ ১-১ ড্র। কে ভেবেছিল ক্ষণে ক্ষণে শিরোপা সমীকরণ বদলে লা লিগা শেষ সময়ে এত রোমাঞ্চের জন্ম দেবে! পরশু ভ্যালাদোলিদের সঙ্গে এই ড্রয়ের পর আরও একবার বদলাল। টানা দুটি ম্যাচে পয়েন্ট হারিয়ে রিয়ালের শিরোপা জয়ের আশাই এখন জ্বালানি ছাড়া প্রদীপ। ৩৬ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল। সমান ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৮৫, আর ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ। তার মানে রোববার মালাগার বিপক্ষে অ্যাটলেটিকো পরের ম্যাচটা জিতলেই শেষ হয়ে যাবে রিয়ালের শিরোপা–সম্ভাবনা। রিয়ালের টানা দুই ড্র আশার আলো দেখাচ্ছে বার্সেলোনাকেও। এলচে আর অ্যাটলেটিকোর বিপক্ষে শেষ দুটি ম্যাচ জিতে শিরোপা ধরে রাখার সুযোগ তাদের থাকল। ১৮ মে ন্যু ক্যাম্পে মৌসুমে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে বার্সেলোনা ও অ্যাটলেটিকো। কে জানে ওটাই হয়তো লা লিগার অলিখিত ফাইনাল। শিরোপার আশা যে কার্যত শেষ, সেটা স্বীকারও করে নিয়েছেন রিয়ালের অধিনায়ক রামোস।
এই হতাশার পাশে রিয়ালের বড় উদ্বেগ রোনালদোকে নিয়েও। চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আগে চোট কাটিয়ে ফিরতে পারবেন রোনালদো? কোচ কার্লো আনচেলত্তি অবশ্য আশ্বস্ত, পারবেন, ‘আমার মনে হয় না রোনালদোর সমস্যাটা খুব বড়। তবে আমরা কিছুদিন ওকে পর্যবেক্ষণ করতে চাই। এ ছাড়া পেপে আর ডি মারিয়ারও চোট আছে। তবে কোনোটাই খুব বড় নয়।’
স্পেনে রাতটা রিয়ালের হতাশার হলেও ইংল্যান্ডে ম্যানচেস্টার সিটির ছিল আনন্দরজনী৷ অ্যাস্টন ভিলাকে ৪-০ গোলে হারিয়ে শিরোপা-উৎসবের আয়োজন সাজিয়ে রাখল সিটি। এডিন জেকোর জোড়া গোলের সঙ্গে ইয়া ইয়া তোরের অসাধারণ এক গোলে প্রিমিয়ার লিগে এই মৌসুমে শততম গোলের মাইলফলকও ছুঁয়েছে ইউনাইটেডের নগরপ্রতিদ্বন্দ্বীরা। ৩৭ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটি। সমান ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৮১। শেষ ম্যাচে যদি লিভারপুল জেতেও, ওয়েস্ট হামের সঙ্গে ড্র করলেই গোল ব্যবধানে এগিয়ে থাকায় ট্রফি পেয়ে যাবে ম্যানচেস্টার সিটি। কোচ ম্যানুয়েল পেলিগ্রিনি অবশ্য এত জটিল হিসাব-নিকাশের মধ্যে না গিয়ে বেছে নিতে চান সোজা পথটাই, ‘আজকের আগ পর্যন্ত আমি শুধু এই ম্যাচটি জেতার কথাই চিন্তা করছিলাম। এখন ওয়েস্ট হামের বিপক্ষে শেষ ম্যাচটাও আমাদের জিততে হবে। শুধু ড্রয়ের কথা চিন্তা করলে হবে না।’