শিরোপার দাবি জোরালো করল গেইলরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬০ করে ভালোই প্রস্তুতি সারলেন ডোয়াইন স্মিথ। ছবি: রয়টার্স
৬০ করে ভালোই প্রস্তুতি সারলেন ডোয়াইন স্মিথ। ছবি: রয়টার্স

প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে জয়ের পর মিরপুরে আজ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ৩৩ রানের জয়। সবাইকে গেইলরা বোধ হয় বার্তা দিয়ে রাখলেন, বাংলাদেশে তাঁরা এসেছেন শিরোপা ধরে রাখতেই। গতবার উইন্ডিজ শিরোপা জিতেছিল শ্রীলঙ্কায়। কন্ডিশনের দিক থেকে শ্রীলঙ্কা আর বাংলাদেশের মধ্যে খুব একটা পার্থক্যও নেই। ফলে এবারও গেইলের দল যে শিরোপার অন্যতম বড় দাবিদার, তা বলার অপেক্ষা রাখে না।

আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ডোয়াইন স্মিথের ৬০, ডোয়াইন ব্রাভোর ৪৩ ও শেষ দিকে ড্যারেন সামির ১৪ বলে ৩০ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭২ করে ওয়েস্ট ইন্ডিজ।

১৭৩ রানের লক্ষ্যে খেলতে নেমে নিয়মিতই লঙ্কানদের উইকেট পতন। ধ্বংসস্তূপের মধ্যে একমাত্র দিলশানের ব্যাট থেকে আসে বলার মতো রান। ব্রাভোর বলে ফেরার আগে দিলশান করেন ৪৩। সুনীল নারাইনের ঘূর্ণি আর ব্রাভোর তোপে দিশেহারা শ্রীলঙ্কা অলআউট হয় ১৯.২ ওভারে ১৩৯ করে। হারতে হয় ৩৩ রানে। নারাইনের ঝুলিতে ৪ আর ব্রাভোর দখলে ৩ উইকেট।

এ বছর বাংলাদেশে এসে কেবল জয় পেয়ে আসছিল শ্রীলঙ্কা। বহুদিন পর লঙ্কানদের পরাজয়ের স্বাদ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ বলে রাখল, ‘শিরোপা জিততেই এসেছি আমরা।’