শিরোপার পথে আরও এগোল মোহামেডান
প্রিমিয়ার হকি লিগের শিরোপা পুনরুদ্ধারে আরও এগিয়ে গেল মোহামেডান। সাদা-কালোরা কাল পেরোল মেরিনার ইয়াংসের বাধা। বিকেএসপির খেলোয়াড় নিয়ে গড়া মেরিনারকে হারাতে যথেষ্ট ঘাম ঝরেছে মোহামেডানের। ব্যবধান ৪-২।১১ ম্যাচের সব কটি জিতে ৩৩ পয়েন্ট মোহামেডানের। এক ম্যাচ কম খেলে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর পয়েন্ট ২৭। লিগ টেবিলে মোহামেডান এখন সুবিধাজনক অবস্থায়। বাকি দুই ম্যাচে ৪ পয়েন্ট পেলেই মোহামেডান চ্যাম্পিয়ন হয়ে যাবে।আবাহনীর বিপক্ষে অবশ্য বড় পরীক্ষাটা দিতে হবে মোহামেডানকে। এ পর্যন্ত আবাহনীর গোল-গড় +৪৭ (১০ ম্যাচে ৫৯ গোলের বিপরীতে খেয়েছে ১২টি), মোহামেডান +৬৮ (১১ ম্যাচে ৭৯ গোলের বিপরীতে খেয়েছে ১১টি)।মোহামেডানের চার গোলের দুটি করেছেন দুই পাকিস্তানি সাব্বির ও আতিক, ৭ ও ১৩ মিনিটে। জাহিদুল ও মামুনুল করেছেন বাকি দুই গোল, ১৬ ও ২০ মিনিটে। সোহান ও মাইনুল মেরিনার্সের পক্ষে ব্যবধান কমান। তাদের গোল দুটি হয়েছে ১১ ও ৫১ মিনিটে।আজকের খেলা: আবাহনী-অ্যাজাক্স (বিকেল ৪টা, মওলানা ভাসানী হকি স্টেডিয়াম)