শিরোপার পথে চেলসির হোঁচট

শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য চেলসির। কিন্তু লিগের এই পর্যায়ে এসে এমন হার সেই লক্ষ্যপূরণের পথে কাঁটা না বিছিয়ে পারেই না। কাল রাতে সান্ডারল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের হার চেলসির যাত্রাপথকে করে তুলেছে আরও অনেক বেশি কঠিন, বন্ধুর।
এই ম্যাচে হারলেও ৩৫ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে লিগে দ্বিতীয় স্থানটি ধরে রেখেছে চেলসি। তবে কাল চেলসির পরাজয় এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের শিরোপা জয় মোটামুটি নিশ্চিতই করে ফেলেছে। লিভারপুলের উচিত সান্ডারল্যান্ডকে বড় ধন্যবাদ দেওয়া। আগের ম্যাচে ম্যানচেস্টার সিটিকে হারিয়েই দিয়েছিল তারা, ৮৮ মিনিটের গোলে সমতা ফেরে। হারাতে না পারলেও সিটিকে নিজেদের মাঠে দুই পয়েন্ট খোয়াতে বাধ্য করেছে। এবার চেলসিকে বাধ্য করল তিন পয়েন্টই খোয়াতে। চেলসি-সিটির এই পয়েন্ট হারানোর সবচেয়ে বড় সুবিধা পেল আসলে লিভারপুল।
আজ নরউইচ সিটির বিপক্ষে জিতলে চেলসির চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে যাবে তারা। বাকি থাকবে মাত্র তিন ম্যাচ। দুই ম্যাচ কম খেলে ৭১ পয়েন্ট নিয়ে লিগের তৃতীয় স্থান ম্যানচেস্টার সিটির। এই দুটো ম্যাচ জিতলেও সিটির পয়েন্ট হবে ৭৭। লিভারপুল এগিয়ে থাকবে ৩ পয়েন্টে।
ম্যাচের ১২ মিনিটের সময় অবশ্য স্যামুয়েল ইতোর গোলে এগিয়ে গিয়েছিল চেলসি। গোলটি আসে ব্রাজিলীয় মিডফিল্ডার উইলিয়ামের কর্নার থেকে। চেলসির উল্লাস বাতাসে মিলিয়ে না যেতেই সান্ডারল্যান্ড শোধ করে দেয় গোলটি। কনর উইকহ্যামের পা থেকে আসা গোলে উজ্জীবিত সান্ডারল্যান্ড খেলার ৮২ মিনিটে আদায় করে নেয় পেনাল্টি। ফ্যাবিও বোরিনির সেই পেনাল্টিতে ২-১ গোলে জয় পায় সান্ডারল্যান্ড। নিশ্চিত হয়ে যায় হোসে মরিনহোর অধীনে স্টামফোর্ড ব্রিজে চেলসির প্রথম পরাজয়টি। ৭৮ ম্যাচ পর স্টামফোর্ড ব্রিজে হারলেন মরিনহো!
পেনাল্টি সিদ্ধান্তে ক্ষুব্ধ মরিনহো ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে ক্ষোভ উগরে দিয়েছেন রেফারি ও অন্য কর্মকর্তাদের প্রতি। তাঁর ক্ষোভের শিকার হয়েছে তাঁর নিজের দলও। ব্যঙ্গাত্মক ঢংয়ে নিজ দলের খেলোয়াড়দের উদ্দেশে তিনি বলেন, ‘এ ম্যাচটিতে প্রমাণ হয়ে গেছে আমার দলের খেলোয়াড়দের মধ্যে কী আছে আর কী নেই। তাদের ধন্যবাদ না দিয়ে পারছি না।’ তিনি ব্যঙ্গ-বিদ্রূপ করেন ম্যাচের রেফারিকেও, ‘তাঁকে অসংখ্য ধন্যবাদ, দারুণ কিছু সিদ্ধান্ত উপহার দেওয়ার জন্য।’ সবশেষে তিনি অভিনন্দন জানিয়েছেন প্রতিপক্ষ সান্ডারল্যান্ডকে। সেই অভিনন্দনটি অবশ্য একেবারেই বিদ্রূপাত্মক কিছু ছিল না। বরং ওই সময় তাঁর কণ্ঠে ঝরেছে একরাশ মুগ্ধতাই। এএফপি, এএনআই।