পপুলার লাইফ ইন্স্যুরেন্স সিনিয়র ডিভিশন ফুটবলে চ্যাম্পিয়নের পথে বাড্ডা জাগরণী। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে কাল বাড্ডা জাগরণী ৩-২ গোলে হারিয়েছে সানরাইজকে। গোল করেছেন বাড্ডার নবী, সুমন ও রুবেল। সানরাইজের গোলদাতা রাজু ও শাহীন।এই জয়ে ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পথে বাড্ডা। লিগে নিজেদের শেষ ম্যাচটা খেলবে তারা ওয়ান্ডারার্সের সঙ্গে, আগামী ২ জানুয়ারি। ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে যাত্রাবাড়ী ক্রীড়াচক্র। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ইয়ংমেন্স ফকিরেরপুল তৃতীয় স্থানে। লিগের সব ম্যাচ হারায় এরই মধ্যে অবনমন নিশ্চিত হয়ে গেছে সানরাইজের। আগামীকাল ফকিরেরপুলকে যদি যাত্রাবাড়ী হারিয়ে দেয়, তাহলে লিগের শেষ ম্যাচে ওয়ান্ডারার্সের বিপক্ষে বাড্ডাকে জিততেই হবে। তবে ফকিরেরপুল-যাত্রাবাড়ী ম্যাচ ড্র হলেই চ্যাম্পিয়ন হবে বাড্ডা। সিনিয়র ডিভিশনের চ্যাম্পিয়ন দল আগামী মৌসুমে বাংলাদেশ লিগের দ্বিতীয় ধাপে খেলার সুযোগ পাবে।