শিরোপার পথে মোহামেডান
প্রিমিয়ার ডিভিশন দাবার শিরোপা জয়ের পথে মোহামেডান। জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে কাল তারা ৩-১ পয়েন্টে হারিয়েছে তিতাস ক্লাবকে। টানা সাত জয়ে ১৪ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষেই রইল মোহামেডান। লিগের বাকি দুই রাউন্ডের একটিতে জিতলেই শিরোপা নিশ্চিত হবে মোহামেডানের। সপ্তম রাউন্ড শেষে বিমান ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। তারা কাল ৩.৫-.৫ পয়েন্টে হারিয়েছে নেবুলা চেস ক্লাবকে। ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা ডেসটিনি-২০০০ ২.৫-১.৫ পয়েন্টে হারিয়েছে এয়ার ডেসটিনিকে। অন্য ম্যাচে নারায়ণগঞ্জ প্রীতম-প্রিজম ৩-১ পয়েন্টে বশির মেমোরিয়াল চেস ক্লাবকে হারিয়েছে। লিওনাইন চেস ক্লাব ও চট্টগ্রাম চেস একাডেমি ২ -২ পয়েন্টে ড্র করেছে।লায়লা আলম রেটিং দাবা: টানা ছয়টি জয় নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা। ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। সাড়ে ৪ পয়েন্ট নিয়ে নাজরানা খান তৃতীয়।