শিরোপার প্রতিশ্রুতি দিলেন আগুয়েরো
নিজেকে ফুটবলের স্বঘোষিত ‘চে গুয়েভারা’ দাবি করা সার্জিও আগুয়েরো ইংল্যান্ডে পা রেখেই দিলেন বিপ্লবের ডাক। বললেন, আগামী মৌসুমে দেখিয়ে দেবে তাঁর নতুন দল ম্যানচেস্টার সিটি। সতর্কবার্তা পাঠালেন ম্যানচেস্টার শহরের চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানইউকে। লাল সাম্রাজ্যের জন্য নতুন হুমকি হয়ে আসছে আকাশি বিপ্লব!গত মৌসুমে কেবল এফএ কাপ শিরোপা জিতেছে নতুন মালিকের অধীনে নতুনভাবে শুরু করা সিটি। ১৯৬৯ সালের পর প্রথম এই মর্যাদার কাপটি জিতেছে তারা। এই ফাইনালের প্রসঙ্গ টেনে ২৩ বছর বয়সী আগুয়েরো বলছেন, আরও শিরোপা আসছে, ‘গতবারের এফএ কাপ ফাইনালটি আমি দেখেছি। আমার মনে হয়েছে, আমরা এমন একটা দল, ভবিষ্যতে প্রতিটি বড় বড় শিরোপার জন্যই যারা নিজেদের উজাড় করে লড়বে। আশা করি, শিগগিরই আমরা আরও অনেক কিছু জিতব।’একসময়ের ‘নতুন ম্যারাডোনা’ আগুয়েরো মাত্র ১৫ বছর বয়সে আর্জেন্টাইন ক্লাব ইনডিপেন্ডিয়েন্টের হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। তবে ক্যারিয়ারের দীর্ঘ সময় কেটেছে অ্যাটলেটিকো মাদ্রিদে। গত পাঁচ মৌসুমে অ্যাটলেটিকোর হয়ে ১০২টি গোল করা আগুয়েরোর জন্য প্রশ্ন, স্প্যানিশ লিগে খেলে এসে পারবেন মানিয়ে নিতে ইংল্যান্ডে?ম্যারাডোনার জামাতার উত্তর, ‘আমার মনে হয়, যদি টেকনিকের দিক দিয়ে দেখেন, দুটো লিগই একই রকম। ইংল্যান্ডে সম্ভবত একটু বেশি শরীরনির্ভর খেলা হয়, স্পেনে যেখানে বেশি জোর দেওয়া হয় ট্যাকটিকসের ওপর। টিভিতে খেলা দেখে আমার মনে হয়েছে, এখানকার স্কিলটা খুবই উঁচু। দুই লিগের খেলা বেশ আলাদা। তবে আমি প্রথম ম্যাচটার জন্য মুখিয়ে আছি। মাঠে নেমে নিজের সেরাটা ঢেলে দিতে চাই, দেখতে চাই আসলেই এখানকার খেলাটা কেমন। কারণ টিভিতে খেলা দেখা আর মাঠে নেমে খেলা একেবারেই আলাদা।’সিটিতে এক নম্বর স্ট্রাইকার হিসেবে রবার্তো মানচিনি এখন তাঁকেই ব্যবহার করবেন। অর্থাৎ আগুয়েরো কার্লোস তেভেজের জায়গাটিই নিচ্ছেন। তেভেজের নতুন ঠিকানা অবশ্য এখনো ঠিক হয়নি।বিশাল অঙ্কের (৩ কোটি ৮০ লাখ পাউন্ড) টাকা খরচ করে সিটি যে তাঁকে কিনে নিল, এ আস্থার প্রতিদান দিতেও তিনি উন্মুখ। আগুয়েরো বললেন, ‘আমি সেই ধরনের খেলোয়াড় যে শেষ না হওয়া পর্যন্ত প্রতিটি বলের জন্য লড়াই করে যায়। প্রতিটি ম্যাচেই শতভাগ ঢেলে দেয়। তবে আমি কিন্তু সেই খেলোয়াড় নই, যে একাই সবকিছু করে ফেলবে। অবশ্য ফুটবলকে দেওয়ার মতো অনেক কিছুই আছে আমার। মনে হয় না এই দলের সঙ্গে মানিয়ে নিতে আমার খুব বেগ পেতে হবে।’ এএফপি, রয়টার্স।