লোয়ার-মিডল ও লোয়ার অর্ডারদের বীরত্বে প্রথম ফাইনালে অস্ট্রেলিয়ার ৩২১ রানকেই হুমকিতে ফেলে দিয়েছিল শ্রীলঙ্কা। সেই তুলনায় ২৭২ তো কমই। টপ অর্ডার যদি জ্বলে ওঠে, তাহলে তো নিতান্তই কম! অ্যাডিলেডে কাল শ্রীলঙ্কা প্রমাণ করল এটাই। অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে উড়িয়ে টিকে রইল শিরোপার লড়াইয়ে। অ্যাডিলেডেই আগামীকাল তৃতীয় ফাইনালে ফেবারিট মাহেলা জয়াবর্ধনের দলই, সিবি সিরিজে দুই দলের ছয় ম্যাচে চারটিতেই জিতল শ্রীলঙ্কা!কালকের ম্যাচ জানিয়ে দিল, শ্রীলঙ্কার বিপক্ষে আপাতত কিছুদিন জোড়া সেঞ্চুরি না করাই ভালো! গত জানুয়ারিতে গ্রায়েম স্মিথ ও এবি ডি ভিলিয়ার্সের সেঞ্চুরিতে ৩১২ করেছিল দক্ষিণ আফ্রিকা, কিন্তু শ্রীলঙ্কা ম্যাচ জিতেছিল ২ উইকেটে। কাল বিফলে গেল ডেভিড ওয়ার্নার ও মাইকেল ক্লার্কের সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে টানা দুই সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান ওয়ার্নার। পুরো বিপরীতমুখী দুটো সেঞ্চুরি, দুই ম্যাচে অভিজ্ঞতাও হলো দুই রকম, জয়ের পর হার। ক্লার্কের দুঃখটা আরও বেশি। অধিনায়ক হিসেবে দুটো ওয়ানডে সেঞ্চুরি করলেন, দুটোতেই হারল দল! আগেরটি ছিল ২০১০ সালে, ভারতের বিপক্ষে।খানিকটা মন্থর উইকেটে ২৭১ রানকে কিন্তু যথেষ্টই মনে হয়েছিল। কিন্তু বাজে বোলিং আর দিলশান-জয়াবর্ধনের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারল না। ২৭ ওভারে দিলশান-জয়াবর্ধনের ১৭৯ রানের উদ্বোধনী জুটিতেই ম্যাচ কার্যত শেষ। ১ রানে ক্লিন্ট ম্যাকাইয়ের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন জয়াবর্ধনে, কিন্তু তৃতীয় আম্পায়ার নো-বল ডাকায় বেঁচে যান। ব্যক্তিগত ৭৭ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন দিলশান, কিন্তু বেঁচে যান আম্পায়ার আসাদ রউফের ভুলে। খুঁত বলতে এ দুটোই। নির্বিষ অস্ট্রেলীয় বোলিংকে পিষে ফেলেছেন দুজন। দুজনের সেঞ্চুরিই যখন মনে হচ্ছিল সময়ের ব্যাপার, প্যাটিনসনের ইনসুইঙ্গারে এলবিডব্লু জয়াবর্ধনে (৭৬ বলে ৮০)। ১১০ বলে দ্বাদশ ওয়ানডে সেঞ্চুরি ছোঁয়া দিলশান আউট হয়েছেন দলকে জয়ের কাছাকাছি নিয়ে। চান্ডিমালকে নিয়ে বাকি পথটুকু পাড়ি দিয়েছেন সাঙ্গাকারা। ওয়েবসাইট।শেষ মুহূর্তে ফিট ঘোষিত ওয়ার্নার কাল ছিলেন পুরো অপরিচিত চেহারায়। প্রথম ফাইনালে করেছিলেন ১৫৭ বলে ১৬৩, কাল সেঞ্চুরি ছুঁতেই লাগল ১৩৮ বল! দিলশানকে দিয়ে বোলিং শুরু করা শ্রীলঙ্কা আটকে রেখেছিল রানের চাকা। ২৫তম ওভারে তিন অঙ্ক ছোঁয়া অস্ট্রেলিয়ার ইনিংসটা গতি পেয়েছে ক্লার্কের ব্যাটে। ওয়ার্নারের ২৩ রানের সময় নেমে সেঞ্চুরি ছুঁয়েছেন আগেই, মাত্র ৮১ বলে। দুই সেঞ্চুরিয়ানের পর দলের সর্বোচ্চ ওয়াটসনের ১৫! শেষ ১০ ওভারের ৮২ রান অস্ট্রেলিয়াকে তবু এনে দিয়েছিল ২৭১ রানের লড়িয়ে পুঁজি।কিন্তু অসাধারণ ব্যাটিংয়ে শ্রীলঙ্কা ম্যাচ জিতে গেল ৩৪ বল বাকি থাকতেই! আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে ম্যাচ ফির ১০ শতাংশ হারিয়েছেন জয়াবর্ধনে। তবে এটা কি আর দলের জয় ও নিজের দুর্দান্ত ব্যাটিংকে ম্লান করতে পারে! অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৭১/৬ (ওয়েড ১৪, ওয়ার্নার ১০০, ওয়াটসন ১৫, ক্লার্ক ১১৭*, মাইক হাসি ৬, ডেভিড হাসি ৭, ক্রিস্টিয়ান ৪*; মালিঙ্গা ৩/৪০, দিলশান ১/৪০)। শ্রীলঙ্কা: ৪৪.২ ওভারে ২৭৪/২ (জয়াবর্ধনে ৮০, দিলশান ১০৬, সাঙ্গাকারা ৫১*, চান্ডিমাল ১৭*; লি ১/৪১, প্যাটিনসন ১/৪৭)। ফল: শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: তিলকরত্নে দিলশান।