শিরোপার রঙে রঙিন রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌসুমের প্রথম শিরোপা, সেটিও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারিয়ে। উত্সব তো করবেই রিয়াল মাদ্রিদ। পরশু কোপা ডেল । শিরোপা জয়ের পর  এএফপি
মৌসুমের প্রথম শিরোপা, সেটিও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারিয়ে। উত্সব তো করবেই রিয়াল মাদ্রিদ। পরশু কোপা ডেল । শিরোপা জয়ের পর এএফপি

ছাদখোলা বাসে চড়ে ইকার ক্যাসিয়াসরা যখন মাদ্রিদের সিবেলেস স্কয়ারে এসে থামলেন, চৌরাস্তার কোথাও তিল ধারণের জায়গা নেই। ভ্যালেন্সিয়ার মেস্তালা স্টেডিয়ামে শেষ বাঁশি বাজার পরই রিয়াল-সমর্থকদের ঢল নেমেছে সেখানে। ধবধবে সাদা বাসের গায়ে কালো অক্ষরে লেখা ‘চ্যাম্পিয়ন’!
না লিখলেও চলত, ক্যাসিয়াসের হাতে প্রমাণস্বরূপ কোপা ডেল রের ট্রফিটাই তো ছিল! সমর্থকদের উচ্ছ্বাসের সঙ্গে তাল মেলাতে মেলাতেই হাতবদল হচ্ছিল ট্রফি। কখনো বেলের হাতে, কখনো বেনজেমার। রাস্তায় দাঁড়ানো সমর্থকদের মধ্য থেকে একটা চিৎকার শোনা গেল, ‘রামোসের হাতে দিয়ো না ট্রফিটা।’ ভিড়ের মধ্যে হাসির রোল উঠল, সেটা ছুঁয়ে গেল রিয়াল মাদ্রিদ খেলোয়াড়দেরও। এমনকি সার্জিও রামোসকেও। তিন বছর আগে মেস্তালা স্টেডিয়াম থেকেই কোপা ডেল রের ট্রফি নিয়ে ফেরার পথে খুশিতে বেসামাল হয়ে হাত থেকে ফেলে দিয়েছিলেন ট্রফিটা। রসিকতা করে এক সমর্থক সেটাই মনে করিয়ে দিয়েছেন।
এমন রাতে একটু-আধটু রসিকতা তো করাই যায়। এটি যে রিয়াল মাদ্রিদের আনন্দের রাত, উৎসবের রাত। রোনালদোকে ছাড়াই এল ক্লাসিকো জিতে মৌসুমের প্রথম শিরোপা জয়ের পর বাঁধভাঙা সেই আনন্দের প্রকাশ মাঠেই দেখেছে বিশ্বজুড়ে কোটি কোটি দর্শক।
প্রায় ছয় শ কিলোমিটার দূরে বার্সেলোনায় তখন হয়তো সুনসান নীরবতা। শুধু ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে ২-১ গোলে হারের কারণে নয়, ফুটবল রূপকথার একটা দারুণ অধ্যায়ের সমাপ্তির শঙ্কায়ও। চ্যাম্পিয়নস লিগে পথচলা শেষ হয়ে গেছে কোয়ার্টার ফাইনালেই, লিগ শিরোপার স্বপ্নও এখন বলতে গেলে দুরাশা। শেষ ভরসা ছিল কোপা ডেল রের শিরোপা—সেটিও নিয়ে গেল রিয়াল মাদ্রিদ। ২০০৭-০৮ মৌসুমের পর এই প্রথম বড় কোনো শিরোপা ছাড়াই মৌসুম শেষ করার শঙ্কা তো আছেই, এগারো বছর পর টানা তিন ম্যাচে পরাজয়। টিকি-টাকার এপিটাফ লেখার দিন কি সত্যিই এসে গেল?
প্রতিক্রিয়াগুলো সে রকমই। আধুনিক বার্সার রূপকার ইয়োহান ক্রুইফ হারের পরেই বলে দিয়েছেন, ‘একমাত্র গার্দিওলাই পারে এখন বার্সেলোনাকে আগের চেহারায় ফেরাতে।’ ইঙ্গিতটা স্পষ্ট, জেরার্ডো মার্টিনোকে দিয়ে হবে না। মার্টিনো অবশ্য এখনই হাল ছাড়ছেন না, ‘আমার মনে হয় না এই হারের ফলে আমার ভবিষ্যৎ বদলে গেছে, কিংবা সবকিছু জিতলেও আমার ভবিষ্যৎ বদলাত। সমর্থকদের মতো আমিও বিমর্ষ, তবে বার্সার এখনো দেওয়ার অনেক কিছু আছে।’
পেশাদার কোচের জন্য এ রকম সময়টা কতটা কঠিন হতে পারে, সেটা জানেন বলেই প্রতিপক্ষের জন্য সমবেদনা রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির কণ্ঠেও, ‘কখনো কখনো জিততে হলে আপনার ভাগ্যের সহায়তাও লাগবে। আমারও মনে হয়, বার্সেলোনা যুগ শেষ হয়ে যায়নি। ওরা এখনো বিপজ্জনক।’ ভাগ্যের কথা বললে ম্যাচের অন্তিমলগ্নে নেইমারের শট পোস্টে লাগার কথা বলতে পারে বার্সা। তবে এর একটু আগেই তো মডরিচের শটও পোস্টে লেগে বাইরে চলে গেছে। শেষ পর্যন্ত সত্যি তো এটাই যে রিয়ালের জয়টা ভাগ্যের ভেলায় চড়ে নয়, যোগ্যতর দল হিসেবেই। ১১ মিনিটে রিয়ালকে এগিয়ে দেওয়া অ্যাঙ্গেল ডি মারিয়ার গোলটিতে বার্সা গোলরক্ষক পিন্টোর ব্যর্থতা ভূমিকা রেখেছে সত্যি, তবে এই গোলের আগে-পরে রিয়ালকেই মনে হচ্ছিল বেশি ক্ষুরধার। ৬৮ মিনিটে কর্নার থেকে হেডে বার্ত্রার গোলে সমতা ফেরানোর পর মিনিট দশেকই বার্সাকে যা একটু উজ্জীবিত লেগেছে। শেষ পর্যন্ত অবশ্য যেটিকে অর্থহীন বানিয়ে দিয়েছে গ্যারেথ বেলের একক প্রচেষ্টায় অসাধারণ এক গোল।
এক সপ্তাহের মধ্যে টানা তিন ম্যাচে পরাজয়ই বার্সা শিবিরে হাহাকার জাগাতে যথেষ্ট ছিল, সেটি আরও বড় হয়ে উঠছে মাঠে হতোদ্যম, এলোমেলো খেলার কারণে। আবারও যেটির প্রতীকী রূপ হয়ে থাকলেন মেসি। একাই যিনি অসংখ্য ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছেন, সেই মেসি যেন নিজেকে হারিয়ে খুঁজছেন। যেটির কারণ খুঁজতে বিস্তর গবেষণা হচ্ছে। যাতে যোগ দিয়েছেন আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো কোচ সিজার লুইস মেনোত্তিও। এই ম্যাচের আগেই যিনি বলেছেন, ‘শারীরিক নয়, মানসিক ক্লান্তিতেই ও কাবু হয়ে পড়েছে।’ মেসিকে এমন বিবর্ণ লাগছে যে বার্সার প্রতি তাঁর দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন উঠছে।
সবকিছু মিলিয়ে বার্সেলোনায় এখন ঘোর কৃষ্ণপক্ষ। আর চ্যাম্পিয়নস লিগ ও লা লিগাও জিতে ‘ট্রেবল’-এর জ্যোৎস্নায় আলোকিত হওয়ার স্বপ্নে বিভোর রিয়াল মাদ্রিদ।

রিয়াল মাদ্রিদের এটি ১৯তম শিরোপা। এ টুর্নামেন্টে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন বার্সেলোনা (২৬), এরপরই অ্যাথলেটিক বিলবাও (২৩)
এই ম্যাচের আগে ফাইনালে এই দুদলের ৬টি ম্যাচে জয়ে ছিল সমতা। পরশু জিতে এগিয়ে গেল রিয়াল
৫ গোল করে এবারের সর্বোচ্চ গোলদাতা মেসি। ৪টি করে গোল ডি মারিয়া, ফ্যাব্রিগাস ও গার্সিয়ার।
চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও এই ফাইনাল মিলিয়ে টানা তিনটি ম্যাচ হারল বার্সেলোনা। এর আগে বার্সা টানা তিন ম্যাচ হেরেছিল ২০০৩ জানুয়ারি-ফেব্রুয়ারিতে