শিরোপার সুবাস পাচ্ছে বায়ার্ন
তিন বছর পর বায়ার্ন মিউনিখ শিরোপাকে দেখছে দৃষ্টিসীমায়। বুন্দেসলিগায় বাকি আরও ১৩টি ম্যাচ। এরই মধ্যে বায়ার্ন নিকটতম প্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে শীর্ষে। জার্মান পরাশক্তিরা যেমন খেলছে, তাতে শিরোপাটা এবার ঘরে না গেলে সেটাই হবে অঘটন। গত পরশু খেলেছেও চ্যাম্পিয়নের মতো। নিজেদের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় শালকেকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে। দুই প্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ড ও বেয়ার লেভারকুসেন এদিন জিততে পারেনি। ডর্টমুন্ড তো নিজেদের মাঠে হামবুর্গের কাছে ডুবেছে ৪-১ গোলের লজ্জায়। লেভারকুসেন ড্র করেছেন ম’গ্লাডবাখের সঙ্গে।সিরি ‘আ’র লড়াইটা অবশ্য এতটা একপেশে হয়নি। তবে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা নাপোলি ও লাৎসিও নিজেদের মধ্যে ১-১ গোলে ড্র করায় লাভবান হয়েছে জুভেন্টাসই। ফিওরেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে নাপোলির চেয়ে তারা এগিয়ে গেছে ৫ পয়েন্টে। এএফপি।