শিরোপার সুবাস পাচ্ছে ম্যানইউ
ম্যাচ শুরুর আগে অ্যালেক্স ফার্গুসন দ্বিধায় ছিলেন ওয়েইন রুনি ও হাভিয়ের হার্নান্দেজকে নিয়ে। দুজনকে একসঙ্গে খেলাবেন, নাকি একজনকে? দ্বিধা ঝেড়ে ফার্গুসন নামালেন দুজনকেই। কোচকে অবাক করে দিয়ে খেলা শুরুর মাত্র ৩৭ সেকেন্ডের মধ্যে ম্যানইউকে গোল উপহার দিলেন হার্নান্দেজ—আস্থার যথার্থ প্রতিদান!হার্নান্দেজের পর ২৩ মিনিটে দলকে আরেকটি গোল এনে দেন ভিদিক। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে ম্যানইউ। ৬৯ মিনিটে ১টি গোল শোধ করতে সক্ষম হন চেলসির ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। আজ রোববার রাতে চেলসির বিপক্ষে ম্যানইউর ২-১ এ গোলের জয় নিছক একটা জয় নয়। এ জয়ের সুবাদে যে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার সুবাস পাচ্ছে ম্যানইউ! আর চেলসি যেন পাচ্ছে শ্রেষ্ঠত্ব হারানোর ঘণ্টাধ্বনি।ম্যানইউ-চেলসি দুদলেরই দুটি করে ম্যাচ বাকি। আজকের খেলা শুরুর আগে ম্যানইউ এগিয়ে ছিল ৩ পয়েন্টে, আর ম্যাচ শেষে এগিয়ে ৬ পয়েন্টে। বোঝাই যাচ্ছে, গত বছর পাওয়া শিরোপাটা এবার হয়তো ধরে রাখা হচ্ছে না চেলসির, আবার চলে যাচ্ছে ম্যানইউর ঘরেই! বিবিসি, রয়টার্স।