শিরোপার সুবাস পাচ্ছে লিভারপুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শেষ হতেই স্টিভেন জেরার্ড দু হাত তুলে অভিনন্দন জানালেন সমর্থকদের। পরে এক হাত ধনুকের মতো বাঁকিয়ে তৃষ্ণার্ত সমর্থকদের হয়তো বললেন, ওই তো শিরোপা! কাল নরউইচকে ৩-২ গোলে হারিয়ে লিগ শিরোপাকে দৃষ্টিসীমায় নিয়ে এসেছে লিভারপুল।
স্টার্লিং-সুয়ারেজ যুগলবন্দীর এই জয়ে চেলসির চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেল লিভারপুল, ম্যানচেস্টার সিটির চেয়ে ৯ পয়েন্টে। এরই মধ্যে আগামী চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত। বাকি তিন ম্যাচে ৭ পয়েন্ট পেলেই হাতে উঠবে ট্রফি। কোচ ব্রেন্ডন রজার্স ভীষণই উচ্ছ্বসিত, ‘এটা ছিল বড় এক পদক্ষেপ। আমরা ম্যাচের আগেই বলেছিলাম, মৌসুমের এই পর্যায়ে এসে প্রতিটি জয়ই গুরুত্বপূর্ণ। তা আপনি শীর্ষেই থাকুন কিংবা মাঝামাঝি বা নিচের দিকে। আমি মনে করি, আমরা আজ দৃঢ় মনোবলের পরিচয় দিতে পেরেছি।’
স্টার্লিং-সুয়ারেজের সৌজন্যে ম্যাচের ১১ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায় লিভারপুল। ইয়ান রাশের পর লিভারপুলের প্রথম খেলোয়াড় হিসেবে এক মৌসুমে ৩০ গোল করলেন সুয়ারেজ। স্টার্লিংয়ের দ্বিতীয় গোলের আগে-পরে ২ গোল করে নরউইচও ঘরের মাঠে দেখিয়েছে তাদের সামর্থ্য। ৭৭ মিনিটে তারা ৩-২ করে ফেলায় বাকি সময়টুকু বড় টেনশনেই কেটেছে লিভারপুলের। কাল হাল সিটিকে ৩-০ তে হারিয়ে চতুর্থ স্থান ধরে রেখেছে আর্সেনাল। তবে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এভারটন।
আগের দিন সান্ডারল্যান্ডের কাছে চেলসির পরাজয়েই লিভারপুলের শিরোপাস্বপ্নটা ঔজ্জ্বল্য পেয়েছে বেশি। হোসে মরিনহোর অধীনে এর আগে কখনোই স্ট্যামফোর্ড ব্রিজে লিগে হারেনি চেলসি। ঘরের মাঠে মরিনহোর সেই ৭৭ ম্যাচ অপরাজিত থাকার গর্ব গুঁড়িয়ে দিল পয়েন্ট তালিকার তলানিতে থাকা সান্ডারল্যান্ড! স্যামুয়েল ইতো প্রথমে এগিয়ে দেওয়ার পরও ২-১ গোলে হার। বিতর্কিত পেনাল্টি দেওয়ায় মরিনহো শূলে চড়িয়েছেন রেফারিকে, ‘আমি শুধু চারটা জিনিসের কথা বলতে চাই এবং আমি দুঃখিত। কারণ আপনারা যতবারই প্রশ্ন করবেন, আমি বারবার একই কথা বলব। আমার খেলোয়াড়দের অভিনন্দন, কারণ তারা সামর্থ্যের সবটুকু ঢেলে দিয়েছে। সান্ডারল্যান্ডকে অভিনন্দন, কারণ তারা জিতেছে। মাইক ডিনকে (রেফারি) অভিনন্দন, কারণ তাঁর অসাধারণ পারফরম্যান্স। এবং মাইক রেলিকে (রেফারি কমিটির প্রধান) অভিনন্দন, কারণ চ্যাম্পিয়নশিপকে এগিয়ে নিতে মৌসুমজুড়েই তাঁরা ছিলেন অসাধারণ!’
মজার ব্যাপার, মরিনহোকে সমবেদনা জানিয়েছেন সান্ডারল্যান্ড কোচ গুস পয়েতও, ‘শিরোপার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত। এ রকম পরিস্থিতিতে আমার বিপক্ষেও এমনটা হলে আমিও উত্তেজিত হতাম।’ এএফপি।