শিরোপার হ্যাটট্রিক জুভেন্টাসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিরোপা জয়ের আনন্দ এমনই তো হওয়ার কথা জুভেন্টাসের!
শিরোপা জয়ের আনন্দ এমনই তো হওয়ার কথা জুভেন্টাসের!

সংবাদটি মূলত রোমার। কিন্তু শিরোনাম জুভেন্টাসের! কারণ, এ খবর যতটি না রোমার, তার চেয়ে বেশি জুভেন্টাসের। বলা হচ্ছিল, আজ কাতানিয়ার মাঠে রোমা জয়বঞ্চিত হলেই টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হবে জুভেন্টাস। কিন্তু প্রত্যাশার চেয়ে বেশিই হলো। শিরোপা প্রত্যাশী রোমাকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিল ‘সিরি আ’র ১৯ নম্বর দল কাতানিয়া! ফলে মাঠে নামার আগেই জুভরা পেয়ে গেল উত্সবের উপলক্ষ! ‘তুরিনের বুড়ি’দের টানা তৃতীয় তো বটেই, মোট ৩০তম শিরোপা। জুভেন্টাসই ইতালির সবচেয়ে বেশিবার লিগ শিরোপাজয়ী ক্লাব।
ম্যাচের ২৬ মিনিটেই রোমার জালে বল জড়িয়ে দেন কাতানিয়ার মারিয়ানো হুলিও ইজকো। ৩৪ মিনিটে ব্যবধান ২-০ করে ফেলেন মারিয়ানো। ৩৭ মিনিটে অবশ্য ফ্রান্সেসকো টট্টি ব্যবধান কমান। কিন্তু তাতে যেন আরও জ্বলে ওঠেন কাতানিয়ার খেলোয়াড়েরা। ৫৬ মিনিটে গোল করেন কাতানিয়ার গঞ্জালো বারগেসিও। ৭৯ মিনিটে রোমার কফিনে শেষ পেরেক ঠোকেন পাবলো বারিয়েন্তোস। কাতানিয়ার তিন গোলদাতাই আর্জেন্টাইন। চূড়ান্ত স্কোরলাইন কাতানিয়া ৪: ১ রোমা। অবশ্য স্কোরলাইন দেখে বোঝার উপায় নেই, রোমার দখলেই কিনা বল ছিল ৬২ শতাংশ। কাতানিয়া জিতে বুঝিয়েছে, বল দখলে রাখলে চলে না! কেননা, ফুটবল যে গোলের খেলা!
এরই মধ্যে শিরোপা জয়ের আনন্দে কার্লোস তেভেজ বলেছেন, ‘খুব খুশি। আমরা শিরোপা জিতেছি। ক্লাবের সবার জন্য সত্যি খুশি।’ শিরোপা তো হলোই। এবার ৩৫ ম্যাচে ৯৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা জুভেন্টাসের মৌসুমে ১০০ পয়েন্ট তোলার সুযোগ। ৩৬ ম্যাচে ৮৫ পয়েন্ট তোলা দ্বিতীয় অবস্থানে থাকা রোমা আজ অবনমন অঞ্চলের কাতানিয়ার কাছে হেরে কেবল শিরোপা বিসর্জনই দেয়নি, একইসঙ্গে বিস্মিত করেছে সমর্থকদের।