শিরোপায় এক হাত জুভেন্টাসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলটা তেভেজের শট থেকেই। জুভেন্টাসের আর্জেন্টাইন স্ট্রাইকারের তাই এমন উদ্যাপন। পরে জানা গেছে, সেটি ছিল আত্মঘাতী। পরশু সাসসুয়োলোর সঙ্গে ম্যাচে  রয়টার্স
গোলটা তেভেজের শট থেকেই। জুভেন্টাসের আর্জেন্টাইন স্ট্রাইকারের তাই এমন উদ্যাপন। পরে জানা গেছে, সেটি ছিল আত্মঘাতী। পরশু সাসসুয়োলোর সঙ্গে ম্যাচে রয়টার্স

ম্যাচ শেষে খেলোয়াড়েরা যেভাবে একে অন্যকে জড়িয়ে ধরলেন, দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন, দেখে কারও মনে হতেই পারে
জুভেন্টাস বুঝি শিরোপা জিতে গেছে! কেউ তা ভেবে থাকলেও ভুল করেনি। পরশু নবাগত সাসসুয়োলোরের বিপক্ষে ৩-১ গোলের জয়ে
শিরোপা বলতে গেলে জুভদের হাতের মুঠোয়। এখন শুধু কাগজে-কলমের হিসাবটুকু চুকিয়ে ফেলার অপেক্ষা!
লিগে বাকি আর তিনটি করে ম্যাচ। রোমার চেয়ে জুভেন্টাস এগিয়ে ৮ পয়েন্ট। আগামী সোমবার নিজেদের মাঠে আটালান্টার বিপক্ষে
জিতলেই ‘হ্যাটট্রিক’ করে ফেলবে জুভেন্টাস। কে বলতে পারে, জুভরা উৎসবের উপলক্ষ পেয়ে যেতে পারে মাঠে নামার আগেই!
রোববার কাতানিয়ার মাঠে গিয়ে রোমা জয়বঞ্চিত হলেই টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়ে যাবে জুভেন্টাস।
রোমার নিবু নিবু আশাও তাই শেষই। জুভেন্টাস কোচ আন্তোনিও কন্তে তা অবশ্য মানতে রাজি নন, ‘না, না, আমাদের
প্রতিদ্বন্দ্বীদের এখনো সুযোগ আছে। তবে সামনের ম্যাচেই কাজটা শেষ করা দরকার আমাদের।’ একদিকে রোমাকে এখনো বাধা
মানছেন, অন্যদিকে প্রতিদ্বন্দ্বীর প্রশংসাও সহ্য করতে পারছেন না কন্তে! নিজেই বলেছেন, ‘আমি শুনেছি, সবখানেই লোকে বলে যে
রোমা অসাধারণ একটা মৌসুম কাটাচ্ছে। কিন্তু আমরা ৮ পয়েন্টে এগিয়ে। কাজেই আমাদের অবস্থা বর্ণনা করতে বিশেষণের দরকার নেই
আমার।’
ম্যাচের শুরুতে জুভদের কাঁপিয়েই দিয়েছিল ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো শীর্ষ লিগে উঠে আসা সাসসুয়োলো। ৯ মিনিটেই সাসসুয়োলোকে
এগিয়ে দেন সিমোন জাজা। জুভেন্টাস সমতা ফেরায় ৩৫ মিনিটে। কার্লোস তেভেজের শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে
জালে! প্রথমে গোলটা তেভেজকেই দেওয়া হয়েছিল। পরে দেওয়া হয় আত্মঘাতী। দ্বিতীয়ার্ধে চেনারূপে ফেরা জুভদের হয়ে পরের গোল দুটি
করেছেন ক্লদিও মার্কিসিও ও ফার্নান্দো লরেন্তে।
ওদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে অনেকটা সময়ই শীর্ষে থাকা আর্সেনালের চোখ এখন চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার দিকে। পরশু
নিউক্যাসলকে ৩-০ গোলে হারিয়ে সেই লক্ষ্যে অনেকটাই এগিয়ে গেছে আর্সেনাল। কসিয়েলনি, চোট কাটিয়ে ফেরা মেসুত ওজিল ও
অলিভিয়ের জিরুর গোলে বড় একটা ধাপই পেরিয়েছে আর্সেন ওয়েঙ্গারের দল। দুই ম্যাচ বাকি থাকতে আর্সেনাল এখন পাঁচে থাকা
এভারটনের চেয়ে চার পয়েন্টে এগিয়ে। ৩৬ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৭৩, এভারটনের ৬৯।
আগামী রোববার নিজেদের মাঠে ওয়েস্ট ব্রমের বিপক্ষে জিতলেই টানা ১৭তম বারের মতো চ্যাম্পিয়নস লিগে যাওয়া নিশ্চিত হবে
আর্সেনালের। ওয়েঙ্গারের আশা পূরণ হতে পারে শনিবারই। ম্যানচেস্টার সিটির কাছে এভারটন হারলেই নিশ্চিত হয়ে যাবে গানারদের শীর্ষ
চারে থাকা। স্বাভাবিকভাবেই পরশু ওয়েঙ্গার ছিলেন উচ্ছ্বসিত, ‘এটা আমাদের এক ধাপ এগিয়ে দিয়েছে। শীর্ষ চার নিশ্চিত করতে
আমাদের আরও একটা ম্যাচ জিততে হবে। তবে সেটা সহজ নয়।’ এএফপি।
জুভেন্টাসের অপেক্ষা
জুভেন্টাস
৩৫ ম্যাচে
৯৩ পয়েন্ট
রোমা
৩৫ ম্যাচে
৮৫ পয়েন্ট