শিরোপায় চোখ বালোতেল্লির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ মৌসুমে ম্যানচেস্টার সিটির শিরোপা জয়ের পেছনে ভালো অবদান রেখেছিলেন মারিও বালোতেল্লি। আর জাতীয় দলের হয়েও সেই পারফরমেন্সের ধারাবাহিকতাটা অব্যাহত রেখেছেন ইতালিয়ান এই স্ট্রাইকার। সেমিফাইনালে ‘ব্যাড বয়ের’ জোড়া গোলের সুবাদেই শক্তিশালী প্রতিপক্ষ জার্মানিকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে ইতালি। এখন ইউরো চ্যাম্পিয়নশিপের শেষটাও স্মরণীয় করে রাখতে চান বালোতেল্লি।গতকাল এক সাক্ষাত্কারে ২১ বছর বয়সী বালোতেল্লি বলেছেন, ‘আমরা ম্যানচেস্টার সিটির হয়ে লিগ শিরোপা জিতেছি। মৌসুমটাও খুব ভালো খেলেছে। কিন্তু এখন আমি ইউরোর শিরোপাটাও জিততে চাই। যদি আমরা সেটা না পারি, তাহলে সেটা নিয়ে খুব বেশি ভাবব না। কিন্তু যদি জিততে পারি, তাহলে এটা হবে বিশেষ কিছু।’মাঝেমধ্যেই কোচের সঙ্গে মনোমালিন্য, নেতিবাচক সব ঘটনা ঘটিয়ে ফুটবলের ‘ব্যাড বয়’ খেতাবটা পেয়ে গেছেন বালোতেল্লি। কিন্তু এখন এই স্ট্রাইকারের ফুটবল প্রতিভা অবাক করছে ফুটবলপ্রেমীদের। ইতিমধ্যেই ইউরোর এবারের আসরে ইতালির জার্সি গায়ে তিনটি গোল করেছেন তিনি। আর একটি গোল করতে পারলেই বালোতেল্লি হয়ে যাবেন এবারের ইউরোর সর্বোচ্চ গোলদাতা। তবে এখন নিজের গোলের চেয়ে দলের জয় পাওয়াটাকেই বড় করে দেখছেন বালোতেল্লি। তিনি বলেছেন, ‘আমি যদি গোল করি আর দল যদি জিতে যায়, তাহলে সেটা একটা দারুণ ব্যাপার হবে। আর আমি যদি কোনো গোল না করি, তার পরও দল জিতলে সেটা হবে অসাধারণ।’আগামীকাল ইউরো চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে ইতালি ও স্পেন।