শিরোপায় চোখ রেখে শুরু করছে বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামার একটা সুখ আছে, আবার জ্বালাও আছে। প্রত্যাশার পারদটা থাকে উঁচুতে। মর্যাদা ধরে রাখার চাপে ভেঙে পড়ার ভয়ও থাকে। চেলসি কোচ রবার্তো ডি মাত্তেও তাই শিরোপা ধরে রাখার মিশন শুরুর আগে কৌতূহলীদের কাছে বার্তা পৌঁছে দিলেন যে, ইউরোপের রাজার আসন ধরে রাখাটা খুব কঠিন।চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব গতকাল শুরু হলেও বর্তমান চ্যাম্পিয়ন চেলসি মাঠে নামছে আজ। নিজেদের মাঠে তাদের প্রতিপক্ষ দুবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। সূচনাতেই প্রবল প্রতিপক্ষ। তবে প্রতিপক্ষকে ভয় পেয়ে নয়, চেলসির ইতালিয়ান কোচ কথাটা বলেছেন ইতিহাসের শিক্ষা নিয়েই। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট চ্যাম্পিয়নস লিগ নাম ধারণের পর কোনো দলই এখনো টানা দুবার শিরোপা জিততে পারেনি।ছোট্ট এই তথ্যেই বোঝা যায়, ইউরোপ-শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখা কতটা কঠিন! চেলসির সঙ্গে কাঁটা বিছানা সেই পথে আজ শুরু করছে বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড এবং বায়ার্ন মিউনিখও।সর্বশেষ চার আসরের দুবারের শিরোপাজয়ী বার্সেলোনা বরাবরই ফেবারিট। ফেবারিট এবারও। মিশন শুরুর আগে আন্দ্রেস ইনিয়েস্তা জানিয়ে দিলেন, লক্ষ্য তাঁদের শিরোপা। গত মৌসুমেও দুরন্ত গতিতেই শিরোপার দিকে ছুটছিল বার্সা। কিন্তু তাদের সেমিফাইনালে থামিয়ে দিয়ে চমক দেখায় চেলসি। মেসি-রোনালদোকে হারিয়ে ইউরোপ-সেরার পুরস্কার জেতা ইনিয়েস্তা বলছেন, ‘আর কিছু না হলেও ওই হার থেকে আমরা শিক্ষা নিতে পারি।’মেসি-জাভি-ইনিয়েস্তাদের বার্সেলোনা মাঠে কী করতে পারে, সবারই জানা। তার ওপর ইনিয়েস্তার মতো ফুটবলার যদি অতীত থেকে শিক্ষা নেওয়ার কথা বলেন, প্রতিপক্ষরা সতর্কসংকেত পায়। স্পার্তাক মস্কো কি সত্যিই ভয় পাচ্ছে? এই রুশ ক্লাবটিই আজ বার্সেলোনার মুখোমুখি। সেটাও আবার বার্সার সুরক্ষিত দুর্গ ন্যু ক্যাম্পে। যেখানে চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ১৬ ম্যাচে অপরাজিত বার্সা। জিতেছে ১৩টিতেই। উল্টো পিঠে চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ১৬টি অ্যাওয়ে ম্যাচের ১৩টিতেই হেরেছে স্পার্তাক মস্কো। স্পেনে এসে স্পেনের দলের বিপক্ষে হার তাদের চার ম্যাচেই।এই পরিসংখ্যানের বিচারে স্পার্তাক মস্কোর আজ জয় নিয়ে ফেরাটা অসম্ভব মনে হয়। তা ছাড়া বার্সেলোনা আছে দুর্দান্ত ফর্মে। ফর্মের তুঙ্গে লিওনেল মেসিও। বার্সেলোনার হয়ে নতুন মৌসুমে ছয় ম্যাচে করেছেন ৮ গোল। স্পার্তাককে সতর্ক দৃষ্টি রাখতে হবে বার্সেলোনার ডাগআউটের দিকেও। পেপ গার্দিওলার উত্তরসূরি হিসেবে টিটো ভিলানোভার লিগ অভিষেক হয়েছে দারুণভাবে। জয় চার ম্যাচেই। ধীরে ধীরে বার্সার ড্রেসিংরুমে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চলা ভিলানোভা আজ চ্যাম্পিয়নস লিগ অভিষেকেও নিশ্চয়ই জয় চাইবেন।ম্যানচেস্টার ইউনাইটেড নামছে গত মৌসুমের ব্যর্থতার দায় মেটানোর পণ করে। গত মৌসুমে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া ইউনাইটেড যাত্রা শুরু করছে নিজেদের মাঠে গ্যালাতাসারাইয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। ইউরোপ-শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে রেকর্ড ১৮ বারের মতো খেলতে নামার পথে ইউনাইটেডের প্রেরণা হতে পারে তাদের প্রতিপক্ষই। তুরস্কের দলটি সাতটি অ্যাওয়ে ম্যাচের একটিতেও কোনো ইংলিশ প্রতিপক্ষকে হারাতে পারেনি।গত মৌসুমে খুব কাছে গিয়েও শিরোপা হাতছাড়া করার দুঃখ ভুলতে পারেনি বায়ার্ন মিউনিখ। নিজেদের মাঠে চেলসির কাছে হারের ক্ষত বুকে নিয়েই শুরু করতে হচ্ছে নতুন মিশন। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। যারা জার্মানিতে গিয়ে ১৩ ম্যাচ খেলে জিতেছে মাত্র দুটিতে। নিজেদের মাঠে শাখতার দোনেৎস্কের সামনে চ্যাম্পিয়নস লিগে অভিষেকের অপেক্ষায় ডেনিশ চ্যাম্পিয়ন নর্ডজেল্যান্ড। এএফপি, রয়টার্সএকনজরে আজকের ম্যাচ চেলসি - জুভেন্টাস শাখতার দোনেৎস্ক - নর্ডজেল্যান্ড বায়ার্ন মিউনিখ - ভ্যালেন্সিয়া লিল - বাতে বরিসভ সেলটিক - বেনফিকা বার্সেলোনা - স্পার্তাক মস্কো ব্রাহা - সিএফআর ক্লুজ ম্যানচেস্টার ইউনাইটেড - গ্যালাতাসারাই