শিলিংফোর্ডে বিধ্বস্ত জিম্বাবুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডমিনিকায় শুরুটা কিন্তু ভালোই হয়েছিল জিম্বাবুয়ের। টস হেরে ব্যাট করতে নেমে ভুসি সিবান্দা আর টিনো মায়োয়ো উদ্বোধনী জুটিতে তুলেছিলেন ৪২ রান। সিবান্দাকে মনে হচ্ছিল বড় ইনিংস খেলার জন্য যেন তৈরি হয়েই মাঠে নেমেছেন। কিন্তু ডানহাতি মিডিয়াম পেসার শ্যানন গ্যাব্রিয়েল মায়োয়োকে বোল্ড করে জিম্বাবুয়ের সর্বনাশের যে সূচনাটা করেন, তা আর ঠেকাতে পারেননি কেউই। ১৭৫ রানে অলআউট হওয়া জিম্বাবুয়ে প্রথম দিন শেষেই হাঁটছে ব্যাকফুটে। দিনের শেষ ভাগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেট হারিয়েই তুলে নিয়েছে ১১৪ রান।৬১ রানে পিছিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজকে বড় স্কোরের স্বপ্ন দেখাচ্ছেন ক্রিস গেইল। তিনি অপরাজিত ৬১ রানে। তাঁর সঙ্গে আছেন স্যামুয়েলস। তবে ২৪ রানে কাইরান পাওয়েলের ফিরে যাওয়ার পাশাপাশি রানের খাতা না খুলেই ড্যারেন ব্রাভোর প্যাভিলিয়নে ফেরা কিছুটা হলেও বিপদে ফেলেছে ক্যারবীয়দের। জিম্বাবুয়ের পক্ষে সেরা বোলার কাইল জারভিস। তিনি তুলে নিয়েছেন ২ উইকেট।জিম্বাবুয়ের ইনিংসকে টেনে নিয়ে যেতে পারতেন অনেকেই। কিন্তু কেউই দায়িত্ব নিয়ে সেটা করতে পারেননি। ব্রেন্ডন টেইলর ৩৩, ভুসি সিবান্দা ৩২ ও শ্যন উইলিয়ামস ৩১ রান তুলে নিজেদের ইনিংসের ভালো সূচনাই করেছিলেন। কিন্তু সেগুলো আর টানতে পারেননি। জিম্বাবুয়ের বাকি ব্যাটসম্যানরা ক্যারিবীয় বোলিং তোপের সামনে ছিলেন বড় বেশি অসহায়। স্পিনের সামনে জিম্বাবুইয়ান ব্যাটসম্যানদের দুর্বলতা উন্মোচন করে দিয়েছেন শেন শিলিংফোর্ড। তাঁর দখলে গেছে ৫ উইকেট। ৩ উইকেট তুলে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অন্য অফব্রেক মারলন স্যামুয়েলস। গ্যাব্রিয়েলের ঝুলিতে গেছে ২ উইকেট। রয়টার্স।