শিল্ডে চোখ শেখ জামালের
বিদেশের মাটিতে শিরোপা তারা আগেও জিতেছে। তবে নেপালের পোখারা কাপের চেয়ে আইএফএ শিল্ড যে বেশি ওজনদার, সেটা শেখ জামাল ধানমন্ডি ক্লাব ভালোই জানে! শতাব্দীপ্রাচীন এই প্রতিযোগিতার শিরোপা থেকে দুটি মাত্র ম্যাচের দূরত্বে বাংলাদেশের ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা। পরশু গ্রুপ পর্বের শেষ ম্যাচে শতবর্ষী পুরোনো মোহনবাগান ক্লাবকে হারিয়ে কলকাতায় ভালোই একটা আলোড়ন তুলেছেন মামুনুলরা।
ম্যাচ শেষে উৎসবের স্রোতে ভেসেছে জামাল। মোহনবাগান ক্লাবটি তখন নীরব, নিথর। কলকাতার স্থানীয় গণমাধ্যম ধুয়ে দিয়েছে মোহনবাগানের কোচ ও কর্মকর্তাদের। কোচ করিম বেঞ্চারিফার বিদায়ের বাঁশিও যেন বেজে উঠেছে এক পরাজয়ে।
তবে শেখ জামাল ক্লাবের কাছে ওসব মূল্যহীন। রাতে হোটেলে ফিরেই এক দফা উৎসব করেছেন খেলোয়াড়েরা। পরদিন সকালেও সবাই ছিলেন ফুরফুরে মেজাজে। দুপুরের খাবারের পরই ক্লাব সভাপতি মনজুর কাদের সস্ত্রীক উপস্থিত টিম হোটেলে। মোহনবাগানকে হারানোর জন্য নগদ ১০ হাজার ডলার তুলে দেন খেলোয়াড়দের হাতে। কাল কোনো অনুশীলন ছিল না। তবে জিমে গিয়েছিলেন সবাই। হালকা ওয়ার্মআপ করেছেন। বিকেলে অধিনায়ক মামুনুল ইসলামকে নিয়ে মনজুর কাদের যান সদ্যপ্রয়াত মহানায়িকা সুচিত্রা সেনের বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে। রাতে খেলোয়াড়দের নিয়ে কলকাতার পার্ক হোটেলে দিয়েছেন ককটেল পার্টি।
তবে এই জয়ের আনন্দে বুঁদ নন কাদের। কাল কলকাতা থেকে মুঠোফোনে বলছিলেন, ‘এখানেই থেমে থাকলে চলবে না। আমি শুধু প্রতিশ্রুত বোনাসটা ওদের দিয়েছি। আমাদের ফুটবল একাডেমির চেয়ারম্যান শওকত রাসেল বলেছেন, ইস্ট বেঙ্গলকে হারাতে পারলে তিনিও বোনাস দেবেন। খেলোয়াড়দের উদ্দীপ্ত করারই কৌশল এটা।’ আর দুটি জয় চান তিনি, ‘আমি জানি এই বোনাস ওদের আরও উদ্দীপ্ত করবে। আশা করি ইস্ট বেঙ্গলকে মোহনবাগানের মতোই হারিয়ে দেবে।’
হাইতিয়ান ফরোয়ার্ড সনি নর্দেকে নিয়ে কাড়াকাড়ি পড়ে গেছে কলকাতায়। কয়েকটি ক্লাব তাঁর সঙ্গে যোগাযোগও করেছে। নর্দেকে নিয়ে গর্বিত মনজুর কাদের, ‘কলকাতার সবাই আমাদের খেলার প্রশংসা করেছে। বিশেষ করে সনি নর্দের। ওর গোলের পর সবাই বলেছে, ওটা ছিল অসাধারণ। এটা আমার জন্য বিরাট গর্বের যে কলকাতায় একজন ভালো খেলোয়াড়কে নিয়ে গেছি।’ তবে তিনি এখনই সনিকে ছাড়তে রাজি নন, ‘ওরা যদি নিতে চায় ভালো। কিন্তু এতেও অনেক আনুষ্ঠানিকতা আছে। এএফসির আইনকানুন জড়িয়ে আছে এর সঙ্গে। কিন্তু আমি কেন ওকে ছাড়তে চাইব। বাংলাদেশের ইতিহাসে আমিই সর্বোচ্চ দাম দিয়ে খেলোয়াড় কিনেছি। প্রয়োজন হলে আরও দেব ওকে।’ এখন কাদেরের চোখ শুধুই শিল্ডে, ‘আমরা এখন এসব নিয়ে মোটেও ভাবছি না। মোহনবাগানের সঙ্গে ওরা যেমন খেলেছে, তেমন খেলতে পারলে অবশ্যই ইস্ট বেঙ্গলকেও হারাতে পারব। আল্লাহ সহায় থাকলে ট্রফি নিয়েই দেশে ফিরতে পারব।’
দলের অন্যতম স্ট্রাইকার সাখাওয়াত রনিও শিরোপার জন্য উন্মুখ, ‘প্রথম ম্যাচে কলকাতা মোহামেডানের সঙ্গে হেরে সবাই আপসেট হয়ে পড়েছিলাম। তবে কোচ আমাদের অনুপ্রেরণা দিয়েছেন। এখন চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব।’ কোচ যোশেফ আপুসিও আশাবাদী, ‘খেলোয়াড়েরা যে ছন্দে আছে তা যেন ধরে রাখে। আমি চাইব তারা যেন শতভাগ উজাড় করে খেলে।’
সেমিফাইনাল লাইনআপ
শেখ জামাল-ইস্ট বেঙ্গল
কলকাতা মোহামেডান-ইউনাইটেড স্পোর্টস
* ১১ ফেব্রুয়ারি, যুবভারতী