শিশির, উইকেট ও ব্যাটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি ম্যাচটায় খেলতে পারেননি। কিন্তু কাইরন পোলার্ড ছিলেন মাঠেই। ওয়ানডে সিরিজে শিশিরের একটা বড় ভূমিকা থাকতে পারে শুনে অবাক ত্রিনিদাদের অলরাউন্ডার। প্রথম ওয়ানডের আগের দিন সংবাদ সম্মেলনে বললেন, ‘শিশির? আমি তো কাল (টি-টোয়েন্টির দিন) একটুও শিশির দেখিনি!’ অথচ ওই শিশিরের ভয়টাই বাংলাদেশকে হারিয়ে দিল প্রথম ম্যাচে!অধিনায়ক মুশফিকুর রহিম ম্যাচ শেষে অকপটে স্বীকার করেছেন শুধু শিশিরের কথা ভেবেই টস জিতে আগে ফিল্ডিং নেওয়া। সিদ্ধান্ত হয়ে গেছে বুমেরাং। প্রথম ইনিংসে সামান্যতম টার্নও পাননি বাংলাদেশের স্পিনাররা। স্যামুয়েলস-সিমন্সদের আক্রমণে হারিয়ে ফেলেছেন লাইন-লেংথও। বাংলাদেশের পাঁচ স্পিনার মিলেও কোনো উইকেট পায়নি। ওয়েস্ট ইন্ডিজ গড়েছে তিন শ ছুঁই-ছুঁই স্কোর। দুই প্রান্তে দুটি নতুন বলে খেলাকে খুব একটা দায় দেওয়া যাচ্ছে না, কারণ রাজ্জাক-সাকিবরা নতুন বলে বোলিং করেন নিয়মিতই। পরশু একেবারেই যে শিশির ছিল না, তা নয়। তবে সেটা খুবই সামান্য, স্পিনারদের খুবে বেশি বেগ দেওয়ার মতো অবশ্যই নয়। বিশু-স্যামুয়েলসের বোলিং দেখে একবারের জন্যও মনে হয়নি গ্রিপ করতে সমস্যা হয়েছে। একবারও রুমাল ব্যবহার করতে হয়েছে কি না সন্দেহ। এখন প্রশ্ন হলো, আজ টস জিতলেও কি সিদ্ধান্ত একই থাকবে? বড় রানের চাপ মাথায় নিয়ে ব্যাটিং করা সব সময়ই কঠিন। শিশিরের সামান্য অসুবিধার কথা ভেবে কেন বাড়তি চাপ মাথায় নেওয়া? পরশু আগে ব্যাটিং করে বাংলাদেশ যদি ২৫৮ রান করত, কে জানে ফলাফল অন্য রকম হতো না! সাবেক জাতীয় অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদও বললেন এমনটাই, ‘অনেকগুলো কারণেই উচিত টস জিতে ব্যাটিং নেওয়া। সেদিন পারফেক্ট ব্যাটিং কন্ডিশন ছিল, শুরুতেই সেই সুবিধাটা আমরা কেন নেব না? কৃত্রিম আলোয় শুরুতে ব্যাট করা একটু কঠিন। তা ছাড়া রান তাড়া করা সব সময়ই চাপের, সেই চাপটা আমরা নিজে থেকেই কেন নেব? আর এটা তো নভেম্বর-ডিসেম্বর মাস নয় যে অনেক শিশির থাকবে। ব্যাপারটা টিম ম্যানেজমেন্টের একটু ভেবে দেখা উচিত।’প্রশ্ন উঠছে উইকেট নিয়েও। মুশফিক তো সরাসরিই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন উইকেটকে। নিজ দেশের উইকেট নিয়ে অধিনায়কের এমন অসন্তোষ ইংল্যান্ড-অস্ট্রেলিয়ায় হলে হইচই পড়ে যেত। স্পিনই দলের মূল শক্তি, একাদশে একগাদা স্পিনার, বাংলাদেশের স্পিন বনাম ক্যারিবীয় পেসের লড়াই বলে কত আলোচনা, অথচ স্বাগতিক অধিনায়ককে উপহার দেওয়া হলো কি না, স্পিনারদের একটা বধ্যভূমি! উইকেটে টার্ন তো ছিলই না, বল পিচ করে একটু ধীরে ব্যাটে এলে তবু শট খেলতে সমস্যা হতো। কিন্তু বল ব্যাটে এলও দারুণভাবে। বাংলাদেশ খুব অতিথিপরায়ণ। ক্রিকেটের এই গভীর দিকগুলো নিয়ে ভাবার সময় কোথায়! ম্যাচ শেষে তাই মুশফিক পাংশু মুখে বলছিলেন, ‘উইকেট একদম ব্যাটিং-স্বর্গ, স্পিনারদের জন্য কিচ্ছু ছিল না।’ আর ‘উপহার’ পেয়ে অতিথি লেন্ডল সিমন্সের মুখে হাসি, ‘দারুণ উইকেট, বল দারুণভাবে ব্যাটে এসেছে।’আমাদের উইকেট কেমন হওয়া উচিত, বলছিলেন ফারুক আহমেদ, ‘আমরা ৫ স্পিনার নিয়ে খেলব, কিন্তু উইকেটে বিন্দুমাত্র সহায়তা নেই, এটা রীতিমতো হাস্যকর। আমাদের অবশ্যই টার্নিং উইকেট দরকার। উইকেটে শট খেলাও একটু কঠিন হতে হবে। হয়তো আমরা ২৩০-২৪০ করব, কিন্তু টার্নিং উইকেটে আমাদের বিপক্ষে এই রান তাড়া করা ভীষণ কঠিন হবে।’নিষ্প্রাণ উইকেট, বোলারদের জন্য কিছু ছিল না—এসব কারণেই আবার উঠে আসছে বাংলাদেশের পারফরম্যান্সের অন্য একটা দিক, ব্যাটিংটা কি তাহলে আরও ভালো হতে পারত না! বিশ্বকাপের ৫৮-র স্মৃতি বারবার ফিরে আসছিল বলেই ২৫৮-কে মনে হচ্ছে বেশ ভালো ব্যাটিং। আদতে ব্যাটিংকেও খুব বেশি নম্বর দেওয়া যাচ্ছে না। ওয়ানডেতে ৩০০ রান খুব বড় কিছু নয় অনেক দিন থেকেই। বাংলাদেশ এখনো ৩০০ রান নিয়মিত তাড়া করার মতো অবস্থায় যায়নি, এটা ঠিক। কিন্তু তাড়া করার চেষ্টা তো থাকতে হবে! বাংলাদেশের ইনিংসে সেই চেষ্টাটাই তো দেখা গেল না। রান তাড়ার ইচ্ছে যে আছে, সেটা একবারই বোঝা গেছে—২৬তম ওভারে ব্যাটিং পাওয়ার প্লে নেওয়ায়। তবে পাওয়ার প্লের ব্যাটিং যথারীতি বাংলাদেশের জন্য ছিল ধাঁধা। ম্যাচে প্রাণ ফিরবে কি, পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে উল্টো ম্যাচ কার্যত শেষ।তবে ইতিবাচক দিক হলো, সিরিজের একটা ম্যাচই কেবল হয়েছে। ভুলগুলো শোধরানোর সুযোগ আছে। তবে শোধরাতে হবে আজই। নইলে সিরিজ জয়ের আশা শেষ!