শিশির-কুয়াশায় মিলে গেল ফাইনাল
ঢাকার দর্শকদের সম্পর্কে বীরেন্দর শেবাগই দেখা যাচ্ছে ভালো জানেন! ফাইনাল খেলবে ভারত-শ্রীলঙ্কা, এই ফাইনাল দেখতে গ্যালারিতে মানুষ ভিড় জমাবে কেন? পরশু অনুশীলনে নামার আগে যে ভবিষ্যতের কথা বলেছিলেন ভারত সহ-অধিনায়ক, কাল সেটাই বাস্তবতা। গ্যালারির অর্ধেকের বেশি ফাঁকা। তবে দর্শকের অনেকের হাতেই ভারত-শ্রীলঙ্কার পতাকার ওড়াউড়ি দেখে বিভ্রম হচ্ছিল, এটা কলকাতার ইডেন গার্ডেন নাকি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম!বাংলাদেশের মাঠে একটা ফাইনাল হচ্ছে আর তাতে বাংলাদেশ নেই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ভারত-শ্রীলঙ্কার দখলে থাকাই স্বাভাবিক। তার ওপর বাংলাদেশ দলের ক্রিকেটাররা ফাইনালটা দেখতেও আসেননি। ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে আজ চট্টগ্রাম যাচ্ছে দল। কালকের দিনটা তাই বিশ্রামেই কাটালেন সবাই। সাকিব আল হাসান ব্যক্তিগত কাজে এক ঝলক ঘুরে গেছেন বিসিবি অফিস। একমাত্র ইমরুল কায়েসই ভিআইপি গ্যালারিতে বসে শ্রীলঙ্কার ইনিংসটা দেখেছেন। তিলকরত্নে দিলশান ও কুমার সাঙ্গাকারার ব্যাটিং দেখতে দেখতে তাঁর মনে হচ্ছিল, ত্রিদেশীয় সিরিজের শিরোপা শ্রীলঙ্কার হাতেই উঠছে, ‘মনে হচ্ছে ফাইনালে শ্রীলঙ্কাই জিতবে। ভারতের ইনিংসটা টেলিভিশনে দেখে এসেছি। সবাই দেখলাম বেশ তাড়াহুড়ো করে আউট হলো।’ইনজুরির কারণে আপাতত দলের বাইরে থাকা মাশরাফি বিন মুর্তজার মনে হয়েছে, শুরুতে ভারতের ব্যাটিং বিপর্যয়ের অন্যতম কারণ শ্রীলঙ্কার বোলারদের ভালো বোলিং। ভারতের ইনিংস টেলিভিশনে দেখে মাঠে এসেছেন তিনিও। ‘শেষ তিন ম্যাচে আমার মনে হলো উইকেটটা একটু নরম...স্পাইক ডেবে যাচ্ছিল দেখলাম সেদিন। এ রকম উইকেটে বল একটু ধরে আসে, অনেক সময় মুভমেন্ট হয়। শ্রীলঙ্কার বোলাররা সেটাই কাজে লাগিয়েছে। ভারতের ব্যাটসম্যানরা বেশির ভাগ দেখবেন উইকেটের পেছনে আউট হয়েছে’—বলেছেন মাশরাফি। তবে জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ইমরুল কায়েসের সঙ্গেই একমত। জাতীয় লিগ খেলতে রাজশাহীতে হাবিবুল। টেলিভিশনে খেলা দেখতে দেখতে টেলিফোনে বললেন, ‘এই উইকেটে আগে ব্যাট করলে ৩০০-৩৫০ রান করতে হবে জিততে। আমার মনে হয় ভারতের ব্যাটসম্যানরা সেই চাপেই ভেঙে পড়েছে।’ জাতীয় দলের আরও দুই সাবেক অধিনায়ক রকিবুল হাসান আর খালেদ মাহমুদের অবশ্য একপর্যায়ে মনে হয়েছে, ভারতের স্কোর যা-ই হোক ফাইনালটা শেষ পর্যন্ত ঠিকই জমবে।জমজমাট সেই ফাইনাল আর হলো কই? যে উইকেটে ৩০০-৩৫০ রানকেও নিরাপদ ভাবেনি কেউ, সেখানে কিনা শিরোপা জিততে শ্রীলঙ্কার সামনে ২৪৬ রানের টার্গেট! এ রকম ফাইনালে দর্শকদের মন ভরাটা কঠিনই। তবে দুপুরের দিকে প্রেসবক্সে ছড়িয়ে পড়া একটা খবর বাস্তব হয়ে দেখা দিলে এই ফাইনাল তাও কিছুটা সার্থক হতো। কে একজন এসে খবর দিল ভারত-শ্রীলঙ্কা ফাইনাল দেখতে নাকি বলিউড তারকা অমিতাভ বচ্চন আসছেন। সঙ্গে আরও দুই-একটা বলিউডি চেহারা! খবরটা যে একেবারেই গুজব প্রমাণিত হলো তা নয়। সন্ধ্যার দিকে হঠাত্ করেই ভারতীয় সাংবাদিকদের ব্যস্ততা বেড়ে গেল। প্রেসবক্সের বাইরে ক্যামেরা নিয়ে ছুটলেন সবাই। নাহ, বিগ-বি নন, ভারতের নতুন প্রজন্মের নায়ক রিতেশ দেশমুখকে দেখা গেল প্রেসবক্সের বাইরে। ত্রিদেশীয় সিরিজ উপলক্ষে দেশমুখের বাংলাদেশে আগমন মূলত বিসিবির কাছ থেকে সিরিজের টাইটেল স্পনসরে স্বত্ব কিনে নেওয়া অ্যাডটাচের আমন্ত্রণে। অ্যাডটাচের প্রধান নির্বাহী কর্মকর্তার দাবি, অমিতাভ বচ্চন-প্রিয়াঙ্কা চোপড়াসহ আরও জনা পাঁচেক বলিউড তারকার কাল সত্যি সত্যি ফাইনাল দেখতে আসার কথা ছিল। ঘন কুয়াশার কারণে শেষ পর্যন্ত ঢাকায় আসার পরিকল্পনা বাতিল করেছেন তাঁরা।সেটাই যদি হয়, আইডিয়া কাপের মূল দুই চরিত্র অবশ্যই কুয়াশা আর শিশির। শিশিরসিক্ত সিরিজের ম্যাড়মেড়ে ফাইনাল বলিউডি আলোয় যাও কিছুটা রঙিন হতে পারত, কুয়াশা যে সেটাও হতে দিল না!