
এর মধ্যে প্রথম জন নেপালের অধিনায়ক। কথাবার্তায় খুব সপ্রতিভ। যেটির সঙ্গে প্রথম পরিচয়ে সাংবাদিকেরা একটু চমকেই গিয়েছিলেন। নেপাল ‘ছোট’ দল হতে পারে, তবে তাদের অধিনায়ক তো দেখছি ক্রিকেট বোধে কারও চেয়ে পিছিয়ে নন। সেটির একটা কারণ হতে পারে, অধিনায়কত্বের সঙ্গে তাঁর পরিচয়টা সেই কৈশোর থেকেই। ২০০৪ সালে শুরু করে তিনটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নেপালকে নেতৃত্ব দিয়েছেন। নেপালিদের ক্রমবর্ধমান ক্রিকেট উন্মাদনার সাক্ষী হয়েই ক্রিকেটার হিসেবে তাঁর বেড়ে ওঠা।
মাঠের খেলায় ভালো না হলে কথাবার্তায় সপ্রতিভ হওয়াটা গুণের পরিবর্তে ব্যঙ্গ-রসিকতার কারণ হয়ে দাঁড়ায়। পরশ খাড়কা পরপর দুই ম্যাচে প্রমাণ করলেন, ক্রিকেটটাও তিনি ভালোই খেলতে জানেন। হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ৩৬ রানে ২ উইকেট পড়ে যাওয়ার পর ৮০ রানের জুটি গড়েছিলেন জ্ঞানেন্দ্র মাল্লার সঙ্গে। কাল ৩ উইকেটে ৩৯ হয়ে যাওয়ার পর ৮৫ রানের জুটি। নেপালের আন্তর্জাতিক ক্রিকেটেই অভিষেকই হলো এই টুর্নামেন্টে। প্রথম ম্যাচে তারা যেখানে যা করেছে, সবই তাই রেকর্ড। তবে প্রথম ম্যাচে গড়া জুটির রেকর্ডটা দ্বিতীয় ম্যাচেই ভেঙে দেওয়াটা নিয়ে নেপাল গর্ব করতেই পারে। সেটি ছিল হংকংয়ের বিপক্ষে, আর এটিতে প্রতিপক্ষ বাংলাদেশ! মজার ব্যাপার হলো, ধারাবাহিকতার এক আশ্চর্য প্রমাণ রেখে দুটিতেই পরশ খাড়কা করলেন ৪১ রান!
আগের ম্যাচে বাংলাদেশ প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রতিপক্ষকে অলআউট করেছিল। আর কাল কি না ফেলতে পারল মাত্র ৫ উইকেট। সেদিন সাকিব আর রাজ্জাক মিলেই ৫ উইকেট নিয়েছিলেন। কাল দুজনের বোলিং বিশ্লেষণে উইকেটের ঘরে কিনা ‘শূন্য’! রাজ্জাক তো করলেনই মাত্র দুই ওভার। সাকিব ৪ ওভারই। তাতে ২২ রান দিয়ে কোনো উইকেট নেই। এর আগের ২৯টি টি-টোয়েন্টিতে মাত্র সাতবারই যে অভিজ্ঞতা হয়েছে তাঁর।
নেপালি ব্যাটসম্যানরা কি তাহলে সাকিবের ঘূর্ণি জাদুর রহস্য উদ্ঘাটন করে ফেলল? আসল রহস্যটা বোধ হয় লুকিয়ে ওই শিশিরে। সাকিবের জন্য এই শব্দটা মাঠে আর মাঠের বাইরে পুরো বিপরীত অনুভূতি বয়ে আনে। বল গ্রিপ করতে না পারলে পেসারদেরও যে সমস্যা হয় না, তা নয়। তবে স্পিনারদের মতো এতটা নয়। বল ঘোরে আঙুল বা কবজির মোচড়ে, পিচ্ছিল বলে সেটি কি আর দেওয়া যায়! স্পিনার সাকিবের জন্য মাঠের শিশির তাই চরমতম শত্রু। আর মাঠের বাইরে? সেখানে তো শিশির তাঁর জীবনসঙ্গীই!
বাংলাদেশ নেপাল ম্যাচে
৬৩ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ উদ্বোধনী জুটি
৮৫ আগের ম্যাচের ৮০ রানকে টপকে যে কোনো উইকেটে নেপালের সর্বোচ্চ জুটি