শিশিরকে দুষলেন রাজ্জাক

ম্যাচ-উত্তর সংবাদ সম্মেলনে অধিনায়কের আসাই নিয়ম। মুশফিকুর রহিমের কাল আরও বেশি করেই সেখানে আসার কথা, কারণ সেঞ্চুরি করে দলের পক্ষে সেরা পারফরমারও তিনি। কিন্তু মুশফিক এলেন না। তিনি যে তখন এক্স-রে করাতে গেছেন নারায়ণগঞ্জের এক হাসপাতালে!
ব্যাটিংয়ের সময় বরুন অ্যারনের বিমারে শরীরে চোট পেলেও একটু শুশ্রূষা নিয়ে আবার ব্যাটিং করেছেন। কিন্তু ভারতের ইনিংসের ৪৪তম ওভারে সীমানায় একটা বল থামাতে গিয়ে কাঁধে চোট পেলেন মুশফিক। এবার আর শুধু শুশ্রূষায় কাজ হলো না। সঙ্গে সঙ্গে স্থানীয় এক হাসপাতালে এক্স-রে করাতে নেওয়া হয় তাঁকে। তবে বিসিবির মিডিয়া ম্যানেজারের দেওয়া তথ্য অনুযায়ী, এক্স-রেতে মারাত্মক কিছু ধরা পড়েনি। আজ ঢাকায় আবার স্ক্যান করানোর কথা তাঁর।
মুশফিকের পরিবর্তে সংবাদ সম্মেলনে আবদুর রাজ্জাক। পরাজয়ের ব্যাখ্যা দিতে গিয়ে যে কারণটা সামনে আনলেন এই বাঁহাতি স্পিনার, তা নিয়ে তর্ক হতে পারে। রাজ্জাক বলছিলেন, ‘আমাদের রান ভালোই ছিল। সবচেয়ে বড় সমস্যা করেছে শিশির। ২২-২৩ ওভারের পর বল খুব বেশি ভিজে গিয়েছিল।’ কথাটা নিয়ে তর্ক হতে পারে, কারণ এই শিশির-তত্ত্ব সম্পর্কে পুরো উল্টো কথাই বললেন ভারতীয় দলের হয়ে সংবাদ সম্মেলনে আসা আজিঙ্কা রাহানে, ‘শিশির খুব বেশি সমস্যা করেছে বলে তো মনে হলো না। আমাদের ইনিংসের ৩৮-৪০ ওভারের পর কিছুটা সমস্যা হলেও হতে পারে।’
গত পরশু পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের পরও বলা হয়েছিল, শিশির এখানে খুব বেশি সমস্যা করছে না। প্রসঙ্গটা রাজ্জাকের সামনে তোলা হলেও সেটি মানতে চাইলেন না তিনি, ‘জানি না কাল (পরশু) কে কী বলেছে। আজ (গতকাল) ২৩-২৪ ওভারের পর থেকে বল ধরাই যাচ্ছিল না। আমার ধারণা, পরের ম্যাচগুলোতেও এই সমস্যা হবে। বিশেষ করে আমাদের মতো স্পিননির্ভর দলের জন্য।’
একটা পর্যায়ে ৩০০ রানেরও স্বপ্ন দেখছিল বাংলাদেশ দল। কিন্তু শেষ পর্যন্ত থেমে যেতে হয়েছে ২৭৯ রানেই। এ নিয়ে আফসোস শোনা গেল রাজ্জাকের কণ্ঠে, ‘হয়তো ৬-৭টা বলে একটু এদিক-সেদিক হয়ে গেছে। ওয়ানডেতে একবার পিছিয়ে গেলে সেটা আর সহজে পোষানো যায় না।’ তার পরও ২৭৯ রানকে কম মনে হয়নি তাঁর কাছে। যেমন ভালো মনে হয়েছে বাংলাদেশের বোলিংও, ‘আমাদের বোলাররা খারাপ বল করেনি। তবে বিরাট কোহলি খুব ভালো ব্যাটিং করেছে।’ সংবাদ সম্মেলনে প্রশ্ন হলো ৫৪ রানের মধ্যে ভারতের ২ উইকেট পড়ে যাওয়ার পরও যে কোহলি-রাহানেরা মিলে ম্যাচ জিতিয়ে নিলেন, সেই সুযোগটা বাংলাদেশের বোলার-ফিল্ডাররাই করে দিয়েছিল কি না। বাউন্ডারি আটকানো গেলেও তাঁদের এক-দুই রান করে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে অবারিতভাবেই। রাজ্জাক উড়িয়ে দিলেন সে প্রশ্নটাও, ‘এমন নয় যে আমরা ওদের এক-দুই রান করে নিতে দিয়েছি। ওরা ভালো খেলেই তা নিয়েছে।’
অজিঙ্কা রাহানে নিউজিল্যান্ডে বাজে একটা সফর শেষ করে এসে পাওয়া এই জয়টাকে বলেছেন খুব গুরুত্বপূর্ণ, ‘আমাদের জন্য জয় পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এখানে শুরুটা ভালো করা খুব জরুরি ছিল। সব মিলিয়ে খুব ভালো ক্রিকেট খেলেছি আমরা।’ রাহানে আরও বেশি খুশি হতে পারতেন নিজেই দলকে জিতিয়ে আসতে পারলে, ‘ইচ্ছে ছিল ম্যাচ জিতিয়েই ফিরব। আমরা দুজন (কোহলি ও রাহানে) মাঠে এটাই আলোচনা করছিলাম। যতক্ষণ সম্ভব ব্যাটিং করব। কিন্তু কাজটা সহজ ছিল না।’
ভারতের জন্য তার পরও শুরুটা হলো ভালো। বাংলাদেশের জন্য হলো উল্টো। শ্রীলঙ্কা সিরিজের হতাশা তাড়ানিয়া জয়টার জন্য অপেক্ষা এখন দ্বিতীয় ম্যাচের।