শিশিরসিক্ত পেস-দুর্বলতা
সাকিব আল হাসান দলের পিছু পিছু জিমনেসিয়াম পর্যন্ত গেলেও থাকলেন না। ফিরে গেলেন রুমে। পরশু রাত থেকেই জ্বর-জ্বর ভাব। ম্যানেজার শফিকুল হক ঝুঁকি না নিয়ে ডাক্তারও ডেকে আনলেন। আফতাব আহমেদ কাল সকালে জিম-সুইমিং দুটোই করলেন। কিন্তু সামান্য অসুস্থতা ছিল তাঁরও। আফতাব আক্রান্ত পেটের পীড়ায়। তামিম ইকবালের হাতের অবস্থা অনেকটাই ভালো। পরশু ব্যাট করার সময় কোনো সমস্যা হয়নি। তবে ওই ম্যাচেই টান পড়েছে হ্যামস্ট্রিংয়ে। ব্যথা ছিল কাল সকালেও।—এই তিনজনের অবস্থা জেনে মনে হতে পারে, ইনজুরি আর অসুখবিসুখ বুঝি ঘিরে ধরেছে বাংলাদেশ দলকে। অবস্থা আসলে মোটেও সে রকম নয়। যেসব সমস্যার কথা বলা হলো, অন্তত কাল পর্যন্ত তার সব কটিই ছিল অগ্রাহ্য করার মতো। আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচে বিবেচিত না হওয়ার মতো সংশয় ছিল না কাউকে নিয়েই।সংশয়-শঙ্কা সবই এখন পেস আক্রমণ নিয়ে। নতুন বলের বোলার খুঁজছে বাংলাদেশ দল। কুমার সাঙ্গাকারার উইকেট পাওয়ার স্বপ্ন হয়তো পূরণ হয়েছে, তবু অভিষেক ম্যাচ নিয়ে ভালো করে হাসতে পারছেন না শফিউল ইসলাম নিজেও। শফিউল বা রুবেল হোসেন—কারও পারফরম্যান্সই সন্তুষ্ট করতে পারেনি কোচ জেমি সিডন্সকে। মোহাম্মদ আশরাফুলের দায়িত্বশীল ব্যাটিং দলের মধ্যে ভূয়সী প্রশংসা পেয়েছে। মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহর সময়োচিত সমর্থন কিংবা শেষ দিকে নাঈম ইসলামের ‘ছক্কা নাঈম’ হয়ে ওঠাও প্রশংসিত হয়েছে যথেষ্ট। কাল সকালে সোনারগাঁও হোটেলের টিম মিটিংয়ে এত ভালোর সঙ্গে জড়িয়ে থাকল এই একটা খারাপই—পেস বোলিংয়ে দুর্বলতা। কোচ বারবারই বলেছেন, দুই পেসার চাইলে নতুন বলে দশ-দশ বিশ ওভারই করে আসতে পারে। কিন্তু সেটার জন্য প্রয়োজন ভালো বোলিং, নতুন বলে যেটা হচ্ছে না অনেক দিন থেকেই।ভালো বল তো পরে, বল ফেলার সঠিক জায়গাটা খুঁজে পেতেই তো সমস্যা হলো রুবেল-শফিউলদের! বোলিং কোচ চম্পকা রমানায়েকে সমস্যার সবচেয়ে বড় জায়গা দেখছেন এটিকেই, ‘ঠিক জায়গায় বল ফেললেও হতো। আমাদের পেসাররা সেটাই পারছে না...তবে হ্যাঁ, অনভিজ্ঞতাও একটা ব্যাপার।’ শফিউলের ওয়ানডে অভিষেক হলো গত পরশু, রুবেল খেললেন মাত্র নবম ম্যাচ। প্রথম ম্যাচের অভিজ্ঞতা থেকে কাল ভারতের বিপক্ষে ম্যাচে পেস আক্রমণে আসতে পারে পরিবর্তন। দল সূত্রের খবর, শফিউলের জায়গায় সম্ভবত খেলবেন সৈয়দ রাসেল।প্রথম ম্যাচের পর আইডিয়া কাপে বাকি সবকিছু ছাপিয়ে আলোচনার মূল বিষয় হয়ে উঠেছে শিশির। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচশেষে দুই দলের অধিনায়কই বলেছেন, ম্যাচ শুরুর সময় ঘণ্টাখানেক এগিয়ে আনা উচিত। কালকের ম্যাচ থেকে সেটা হলে ভালো, কিন্তু না হলে? বাংলাদেশ দলের সব চিন্তাভাবনাই তাই এখন শিশির-সিক্ত। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ২৬০ রানে যাঁর ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা, সেই মাহমুদউল্লাহ তো শিশিরকেই দায়ী করতে চাইলেন বড় পরাজয়ের কারণ হিসেবে, ‘২৬০ রান কিন্তু কম না। এই রান করেও শ্রীলঙ্কাকে আটকানো যেত। কিন্তু শিশিরে মাঠ আর বল ভিজে এমন অবস্থা যে, আমরা কিছুই করতে পারলাম না। দিলশান তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলল।’ মাহমুদউল্লাহর চোখে শ্রীলঙ্কার বোলিং আহামরি কিছু নয়। শিশিরের ঝামেলা না থাকলে বাংলাদেশ জয়ের স্বপ্নও দেখতে পারে পরের ম্যাচে। শিশির নিয়ে সহকারী কোচ খালেদ মাহমুদের কথা মিলে যাচ্ছে মাহমুদউল্লাহর কথার সঙ্গে, ‘সকালে বৃষ্টির পর রোদ না উঠলে আউট ফিল্ডের অবস্থা যেমন থাকে, কাল (পরশু) সন্ধ্যার পর অবস্থাটা তো তেমনই হয়ে গিয়েছিল। এ রকম অবস্থা ম্যাচের আগে হলে হয়তো খেলাই শুরু হতো না।’কুয়াশা আর শিশিরই এখন এই সিরিজের খলনায়ক। হোম কন্ডিশনের ন্যূনতম সুবিধা মিলছে না বলে অন্তত প্রথম ম্যাচের পর এই খলনায়কের ‘ষড়যন্ত্রে’ নিজেদেরই সবচেয়ে বিদ্ধ মনে করছে বাংলাদেশ দল। ভারত ও শ্রীলঙ্কার স্পিনে দক্ষতার কথা মনে রেখে টার্নিং উইকেটের চিন্তা বাদ দিয়ে এবার ব্যাটিং উইকেট বানানো হয়েছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। তখন কে জানত, এই সিরিজে উইকেটের চেয়েও বড় আলোচনার বিষয় হয়ে উঠবে শিশির!