শিশিরের শব্দ শুনছেন ধোনি
বাংলাদেশকে কখনোই ভুলতে পারেন না মহেন্দ্র সিং ধোনি! ৫ বছর আগে এই বাংলাদেশেই জাতীয় দলের ক্যাপ মাথায় তুলেছিলেন, এটা তো অবশ্যই একটা কারণ। তবে আসল কারণটা বললেন ভারত অধিনায়ক নিজেই, ‘বাংলাদেশকে কী করে ভুলি, ওয়ানডে অভিষেক আর শূন্য রানে রানআউট!’২০০৪ সালে ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষেই ওয়ানডে অভিষেক ধোনির। অবশ্য ঢাকায় নয়, চট্টগ্রামে। অভিষেকে একটি মাত্র বল খেলতে পেরেছিলেন, সেটিতে রান নিতে গিয়েই রানআউট। পরের ম্যাচে ঢাকায় রানের খাতাটা খুলেছিলেন, কিন্তু হেরে গিয়েছিল ভারত। বাংলাদেশকে ভুলে যাওয়া তো ধোনির জন্য আসলেই কঠিন!তবে সেদিনের সেই ২৩ বছর বয়সী তরুণের সঙ্গে আজকের ধোনির পার্থক্য অনেক। আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ ওয়ানডে ব্যাটসম্যান, ভারতের মতো ক্রিকেটপাগল দেশের নেতৃত্ব তাঁর কাঁধে। সেই দায়িত্বেও দারুণ সফল। তাঁকে তাই এখন নিজের চেয়ে দলকে নিয়েই বেশি ভাবতে হয়। এই সিরিজেও ধোনির দলই পরিষ্কার ফেবারিট। ধোনির চোখটাও শিরোপার দিকেই, ‘লক্ষ্য তো অবশ্যই শিরোপা। বছরজুড়ে যখন যেখানে খেলি জয়টাই থাকে মূল লক্ষ্য। তবে প্রথম লক্ষ্য ভালো খেলা, পরিকল্পনাগুলো ঠিকভাবে কাজে লাগানো।’আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের দুই নম্বর দল খেলবে সাত ও নয় নম্বর দলের বিপক্ষে। এই টুর্নামেন্টের শ্রীলঙ্কার চেয়েও শক্তিশালী শ্রীলঙ্কা দলকে নিজেদের মাটিতে হারিয়েই এখানে এসেছে ভারত। বিশ্বকাপের কথা ভেবে শচীন টেন্ডুলকারকে বিশ্রাম দেওয়ার কথাও ভাবতে পারে এখন তারা। শিরোপা তারাই জিতবে—এই প্রত্যাশাটা না উল্টো চাপ হয়ে যায়! ‘চাপটা যেকোনো ভারতীয় ক্রিকেটারের নিত্যসঙ্গী। দল ভালো খেললেও চাপ, খারাপ খেললেও চাপ। প্রতিপক্ষ ভালো দল হলেও চাপ, তুলনামূলক হালকা হলেও চাপ। কাজেই চাপটা কোনো সমস্যা নয়’—চাপটাপ উড়িয়ে দিলেন ভারত অধিনায়ক।দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ সফল একটি সিরিজ খেলেছে ভারত। কিন্তু কি টেস্ট, কি ওয়ানডে আর টি-টোয়েন্টি, দৃষ্টিকটুভাবে ফেলেছে একের পর এক ক্যাচ। তবে ফিল্ডিং নিয়ে চিন্তিত নন ধোনি, ক্যাচ ফসকানোকে মনে করছেন খেলারই অংশ। দেশ ছাড়ার আগে একজন বোলিং কোচের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন ধোনি। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে সুবিধা করতে পারেননি ভারতীয় বোলাররা। কাল অবশ্য বোলারদের পাশেই দাঁড়ালেন, ‘আপনাকে কন্ডিশনের কথাও মাথায় রাখতে হবে। ওই সিরিজটা পুরোটাই ছিল ব্যাটসম্যানদের। বোলারদের কাজটা ছিল কঠিন। একজন বোলিং কোচ থাকলে অবশ্যই ভালো হয়, তবে তার মানে এই নয় যে বোলিং কোচ এলেই সব পাল্টে যাবে। আগের সিরিজে ফিল্ডিং কোচ নিয়েও তো আমরা অনেক ক্যাচ ছাড়লাম।’তবে ফেবারিটের চাপ বা বোলিং-ফিল্ডিং সমস্যাকে পাত্তা না দিলেও ভারত অধিনায়কের মাথায় ভালোমতোই আছে শিশির। উপমহাদেশে দিবারাত্রির ম্যাচে শিশিরের ভূমিকা কেমন থাকে, ভালোই জানেন তিনি, ‘এই দেশের আবহাওয়া আমাদের দেশের মতোই, বছরের এই সময়টাতে প্রচুর শিশির পড়ে। তিনটি দলেরই মূল শক্তি স্পিন, আর পরে বোলিং করলে স্পিনারদের সমস্যা হবেই। এই সিরিজে তাই শিশিরের বড় একটা প্রভাব অবশ্যই থাকবে। টসটা তাই হবে গুরুত্বপূর্ণ।’অভিষেকের পর পাড়ি দিয়েছেন অনেকটা পথ। অভিষেকের স্মৃতি মনে করে কাল তাই একচোট হাসতেও পারলেন ভারত অধিনায়ক। তবে হাসিটা টুর্নামেন্ট শেষেও থাকবে কি না, তা বলবে সময়। বাংলাদেশে ২০০৮-এর কিটপ্লাই কাপে তো ফেবারিট হয়েও ফাইনালে ভারত হেরেছিল তাঁর নেতৃত্বেই। এই দেশ থেকে এবার নিশ্চয়ই সত্যিকারের কোনো সুখস্মৃতি নিয়ে যেতে চাইবেন ভারত দলপতি!