শিষ্যদের নিয়ে আজ বসছেন পাইবাস
নতুন কর্মক্ষেত্রে এসেছেন কদিন হলো। তবে নতুন শিষ্যদের জনা কয়েকের সঙ্গেই দেখা হয়েছে রিচার্ড পাইবাসের। ঢাকা প্রিমিয়ার লিগে ব্যস্ত জাতীয় ক্রিকেটারদের বেশির ভাগই। কাল অবশ্য তাঁদের অনেককেই কাছ থেকে দেখা হয়ে গেল, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের প্রথম স্বাদও পেলেন নতুন কোচ। প্রিমিয়ার লিগের ‘ফাইনাল’ দেখতে কাল ফতুল্লায় গিয়েছিলেন পাইবাস। সঙ্গে ছিলেন তিন নির্বাচক ও ফিল্ডিং কোচ জেসন সুইফট।প্রথম দর্শনে পাইবাসের মনে ধরেছে প্রিমিয়ার লিগের প্রতিদ্বন্দ্বিতা, ‘দারুণ প্রতিদ্বন্দ্বিতার মনোভাবে খেলছে সবাই। ম্যাচটাকে সবাই এত সিরিয়াসলি নিয়েছে দেখে ভালো লাগছে। বাংলাদেশের ক্রিকেটে ক্লাব ক্রিকেটের অবস্থান ও গুরুত্বটাও বুঝতে পারছি আমি। আমার জন্য এটা ভালো একটা শিক্ষণীয় অধ্যায়, অভিজ্ঞতা তাই ভালোই বলতে হবে!’ একটা ব্যাপার অবশ্য চোখে লেগেছে পাইবাসের। বাংলাদেশের কোচ হিসেবে প্রথম সংবাদ সম্মেলনেই বলেছিলেন ভালো মানের পেসার খোঁজার কথা। ফতুল্লায় কাল ৯৯.৪ ওভারের মধ্যে মাত্র ৭ ওভার করেছেন পেসাররা। মৃদু হেসে কোচ বললেন, ‘সিম বোলিংটা আরেকটু বেশি দেখতে পেলে ভালো লাগত!’নতুন শিষ্যদের অনেকের সঙ্গেই আজ প্রথম দেখা হবে পাইবাসের। জিম্বাবুয়ে সফরের প্রাথমিক দলে থাকা ২৭ জনের সঙ্গে আজ মিরপুরে কথা বলবেন পাইবাস। আজ শুধু থাকছে আলোচনা পর্বই। অনেকটা পরিচিতি পর্ব, চেনা-জানা। আজকের সেশন নতুন সম্পর্কের সূত্রপাত মাত্র। আগের মতোই পাইবাস জানালেন সব বুঝে উঠতে খানিকটা সময় লাগবে, ‘প্রথম ৩-৪ মাস আসলে সবকিছু বুঝতেই কেটে যাবে। ঘরোয়া মৌসুম মাত্রই শেষ হলো, কেবল বুঝতে শুরু করেছি ঘরোয়া ক্রিকেট কেমন!’