শিষ্যদের পাশে লো
জার্মানির ফুটবল দলকে ষোলআনা জার্মান দল বলা যায় কি না, এ নিয়ে খোঁচা কম সইতে হয়নি। স্যামি খেদিরা তিউনিসিয়ান বংশোদ্ভূত, মেসুত ওজিল তুরস্কের। মিরোস্লাভ ক্লোসার ধমনিতে বইছে পোলিশ রক্ত, মারিও গোমেজের আছে স্পেনের সঙ্গে নিবিড় যোগাযোগ। সবাই জার্মানির হয়েই খেলেন, জাতীয় সংগীতের সময়ও এককাতারে দাঁড়ান। জাতীয় সংগীত বাজার সময় অনেক খেলোয়াড়ই নীরব থাকেন, মূল সমালোচনা এটিকে কেন্দ্র করেই। এর আগে জার্মান ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি গেরহার্ড ভরফেল্ডার বলেছিলেন জাতীয় সংগীত গাওয়া বাধ্যতামূলক করা উচিত। এর সঙ্গে ইউরো-ব্যর্থতার যোগসূত্র খোঁজা হয়েছে। এসব দেখেশুনে বেজায় খেপেছেন জার্মান কোচ জোয়াকিম লো। জার্মানির হয়ে খেলার সময় শিষ্যরা শতভাগ ঢেলে দেন বলেই মনে করেন তিনি। খেলোয়াড়দের জাতীয়তাবোধ নিয়ে প্রশ্ন তোলাকে তাই একহাত নিয়েছেন, ‘জাতীয় সংগীত না গাওয়ার জন্যই যদি তাদের ( ফুটবলার) আদর্শ জার্মান বলা না হয়, তাহলে অভিযোগটা খুবই খোঁড়া। জাতীয় সংগীত গাওয়া অবশ্যই ভালো। কিন্তু সেটা না গাওয়াটা প্রমাণ করে না তাদের আত্মনিবেদনের অভাব আছে।’ এবার জার্মানির ইউরো-দৌড় থামে সেমিফাইনালে। ফাইনালের আগেই ছুটি হওয়ায় তোপের মুখে পড়েন লো। সেসব সমালোচনারও জবাব দিয়েছেন এই ৫২ বছর বয়সী, ‘আমি গঠনমূলক সমালোচনা গ্রহণ করতে প্রস্তুত। কিন্তু কিছু কিছু সমালোচনা আসলেই অর্থহীন।’ ইতালির কাছে হেরে ইউরো স্বপ্নভঙ্গের আগে টানা ১৫টি ম্যাচ জিতেছিলেন, সেদিকে ইঙ্গিত করে বলছেন হাল ছেড়ে দেওয়ার মতো কিছু হয়নি এখনো। বরং তাঁর কৌশলের ওপরই আস্থা রাখতে বলছেন। এখনো এই দলটা নবীন, গড় বয়স মোটে ২৪-এর কিছুটা বেশি। সামনে তাই দলের আলোকোজ্জ্বল একটা ভবিষ্যৎই দেখতে পাচ্ছেন লো। অভিজ্ঞ মিরোস্লাভ ক্লোসাকে ২০১৪-এর বিশ্বকাপে বিবেচনা করা হবে বলে তাঁর আশ্বাস, ‘শারীরিকভাবে ভালো বোধ করলে সে (ক্লোসা) বিশ্বের সেরা স্ট্রাইকারদের একজন। পরের দুই বছরের জন্য আমার পরিকল্পনায় সে আছে।’ ক্লোসাও আভাস দিয়েছেন, ব্রাজিল বিশ্বকাপ খেলে তবেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলতে চান। রয়টার্স।