শিষ্যদের প্রশংসায় সিমিওনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিমিওনে
সিমিওনে

রিয়াল মাদ্রিদ যে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে, এতে বিস্ময়ের কিছু নেই। এখন পর্যন্ত ইউরোপসেরার লড়াইয়ে রিয়ালই সবচেয়ে সফল দল। কিন্তু এবারের মৌসুমে তাক লাগিয়ে দিয়েছে তাদেরই নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। গতকাল চেলসির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৩-১ গোলের জয় দিয়ে চলে গেছে ফাইনালে। ফলে এবারই প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে একই শহরের দুই দল। এমন ঘটনা এর আগে কখনোই ঘটেনি ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগে। ডিয়েগো সিমিওনে রীতিমতো মুগ্ধ হয়ে গেছেন শিষ্যদের পারফরম্যান্সে।
২০১১ সালে কোচের দায়িত্ব নেওয়ার পর অ্যাটলেটিকোকে দারুণভাবে বদলে দিয়েছেন সিমিওনে। ১৯৯৬ সালের পর এবারই প্রথমবারের মতো লা লিগা শিরোপা জয়ের কাছাকাছি চলে এসেছে অ্যাটলেটিকো। স্প্যানিশ লিগের শিরোপা নিজেদের ঘরে তুলতে পারবে আর মাত্র দুইটা ম্যাচ জিতলেই। তবে অ্যাটলেটিকো সবচেয়ে বড় চমক দেখিয়েছে চ্যাম্পিয়নস লিগে। নক আউট পর্বে এসি মিলান, বার্সেলোনার পর গতকাল চেলসিকেও হারিয়েছে অ্যাটলেটিকো। ১৯৭৪ সালের পর তারা দ্বিতীয়বারের মতো খেলতে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। দলের এই দুর্দান্ত সাফল্যের পেছনে কোচ সিমিওনের অবদানকেই বড় করে দেখছেন সবাই। তবে সিমিওনে নিজের শিষ্যদেরই প্রশংসায় ভাসিয়েছেন। এমনকি  ধন্যবাদ জানিয়েছেন খেলোয়াড়দের মায়েদরও, ‘এমন সাহসী খেলোয়াড়দের জন্ম দেওয়ার জন্য আমি তাঁদের মায়েদের ধন্যবাদ দিতে চাই। এটা শুধু মাঠে দৌড়ানোরই ব্যাপার না। তারা কৌশলের দিক দিয়েও ছিল খুবই দুর্দান্ত।’

তবে নিজের জন্য বা খেলোয়াড়দের জন্য না। সিমিওনে সবচেয়ে খুশি হয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের সমর্থকদের জন্য। এই স্মৃতি তাদের মনে অনেকদিনই থাকবে বলে মন্তব্য করেছেন এই আর্জেন্টাইন কোচ, ‘এটা সত্যিই খুব চমত্কার একটা মুহূর্ত। ফাইনালে ওঠার পর আমি সেই সমর্থকদের কথা ভেবে বেশি খুশি হয়েছি, যারা অনেক টাকা খরচ করে এখানে খেলা দেখতে এসেছে। প্রিয় দলের এই পারফরম্যান্স নিশ্চয়ই সমর্থকদের মনে অনেকদিনই থাকবে।’

অ্যাটলেটিকো মাদ্রিদের সাজঘরে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের মতো তারকা খেলোয়াড় নেই। আর্থিক সুযোগ-সুবিধার দিক দিয়েও ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর চেয়ে অনেক পিছিয়েই আছে সিমিওনের দল। কিন্তু তার পরও যেভাবে অ্যাটলেটিকো ইউরোপের ধনী ক্লাবগুলোর সঙ্গে পাল্লা দিচ্ছে, তাতে অবাক না হয়ে উপায় নেই। কে জানে, এই সমর্থকেরাই হয়তো অ্যাটলেটিকোর চালিকাশক্তি! গোল ডটকম