শিষ্যদের মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেল্টা ভিগোর কাছে হেরে এই মৌসুমে আধডজন পরাজয় পূর্ণ হয়েছে। বলতে পারেন, ২৬ ম্যাচে মাত্রই তো ছয়টি পরাজয়। কিন্তু সেই আর ‘মাত্র’ থাকছে না এই তথ্যে: গতবার পুরো মৌসুমেই রিয়াল মাদ্রিদ হেরেছিল মাত্র পাঁচ ম্যাচে। রিয়ালের হয়ে নিজের প্রথম মৌসুমেও ছয় ম্যাচ হেরেছিলেন হোসে মরিনহো। সেখানে এবার মৌসুমের মাঝপথেই ছয়টি হার!দল ভালো করছে না। এর মধ্যে পরিবেশ আরও ভারী করে তুলছে নানা গুঞ্জন। মরিনহো নিজে নাকি চলে যাচ্ছেন। নতুন কোচ হিসেবে আসছেন জোয়াকিম লো। ওদিকে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ দলের সাত সিনিয়র খেলোয়াড়কেও নাকি বেচে দিচ্ছেন! এর কোনো খবরই দলের জন্য ভালো নয়। পরিস্থিতি সামলে নিতে পরশু শিষ্যদের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন মরিনহো। আবেগময় সেই বৈঠকে খেলোয়াড়দের কাছে হূদয় নিংড়ানো কিছু কথা বলেছেন পর্তুগিজ কোচ। আশ্বস্ত করেছেন, কোনো খেলোয়াড়ের ওপরই খড়্গ নেমে আসবে না।শিষ্যদের সঙ্গে কী কথা হয়েছে, সেটি পরিষ্কার না করলেও মরিনহো এটা স্পষ্ট করেই বলেছেন, দলের সাত সিনিয়র খেলোয়াড়কে বেচে দেওয়ার খবরটি অন্তত সত্যি হতে দিচ্ছেন না, ‘আমি ওদের সবার সঙ্গেই কথা বলেছি। এটা আমাদের ভেতরের ব্যাপার। আমরা কিন্তু এমন কোনো অবস্থায় নেই, যেখানে দলে অনেক বেশি পরিবর্তন আনা যেতে পারে। একগাদা খেলোয়াড় পাল্টালেই ভালো ফল পাওয়া যায় না। যদি যেত, তাহলে এটা নিয়ে আমি দ্বিতীয়বার ভাবতাম না। আমি এটাকে ভালো ধারণা মনে করি না। আমি বরং ধারাবাহিকতা ধরে রাখারই পক্ষে।’ এএফপি, রয়টার্স।