শিষ্যের জায়গায় গুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
rashel
rashel

২০০৬ সালের কথা। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে ওয়ারিয়র্স তখন তলানিতে। বিশেষ করে দলের ব্যাটিংটা যাচ্ছেতাই। ওয়ারিয়র্স কোচ রাসেল ডোমিঙ্গো মাস খানেকের জন্য ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়ে এলেন গ্যারি কারস্টেনকে। ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কেপটাউনে একটা একাডেমি চালাচ্ছিলেন কারস্টেন। সাবেক বাঁহাতি ওপেনারের কোচিংয়ে ওয়ারিয়র্সের ব্যাটিংটা বদলে গেল। কোচ হিসেবে কারস্টেনের নামও ছড়াল। এরপরের কাহিনিটা প্রায় সবারই জানা।

২০০৮ সালে ভারতের কোচ হয়ে জিতলেন বিশ্বকাপ, টেস্ট র‌্যাঙ্কিংয়ের চূড়ায় উঠল ভারত। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার কোচের দায়িত্ব নেওয়ার পর সেই ডোমিঙ্গোকে সহকারী হিসেবে নিলেন কারস্টেন। এখন দক্ষিণ আফ্রিকার দায়িত্বও ছাড়ার সময় উত্তরসূরি হিসেবে সুপারিশ করলেন ডোমিঙ্গোর নাম। কাল সেই ডোমিঙ্গোকেই পরবর্তী কোচ হিসেবে নিয়োগ দিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। যে ডোমিঙ্গোর হাত ধরে কোচিংয়ে এসেছিলেন কারস্টেন, সেই ডোমিঙ্গোই এলেন কারস্টেনের ছেড়ে যাওয়া পদে। যেন পূরণ হলো একটি চক্র!

প্রধান কোচ খবরটি জানার পর ডোমিঙ্গোর প্রথম প্রক্রিয়া, ‘আজ সকালে আমি বুঝেছি ডেভিড ময়েসের এখন কেমন লাগছে!’ কোচ হিসেবে কারস্টেনকে ছাপিয়ে যাওয়া সহজ হবে না মোটেও। তার পরও পূর্বসূরির প্রতি শ্রদ্ধা রেখে দলে নিজের ছাপ রাখতে চান মিশ্রবর্ণের ডোমিঙ্গো, ‘গ্যারিকে ছোঁয়া বা ছাপিয়ে যাওয়া সহজ হবে না। কিছু কিছু কাজ আমি ওর মতোই করব, তবে নিজের ছাপও কিছুটা রাখতে চাইব। এত দিন ধরে কাজ করে ছেলেদের সঙ্গে ঘনিষ্ঠ একটা সম্পর্ক গড়ে উঠেছে আমার। কোচ হিসেবে ছেলেদের আমি শুধু ক্রিকেটার হিসেবেই দেখি, বর্ণ বিচার করি না। আশা করি, লোকেও আমাকে শুধু কোচ হিসেবে দেখবে, বর্ণ দেখবে না।’

আগস্টে শ্রীলঙ্কায় সীমিত ওভারের সিরিজ দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হবে ডোমিঙ্গো-পর্ব। কারস্টেনের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ৩১ জুলাই। তবে জুনের চ্যাম্পিয়নস ট্রফিই আসলে কারস্টেনের শেষ মিশন, এরপর জুলাই পর্যন্ত আর খেলা নেই দক্ষিণ আফ্রিকার। ভারতের মতো দক্ষিণ আফ্রিকাকেও টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে তুলেছেন ৪৫ বছর বয়সী সাবেক ওপেনার। তাঁকে রেখেই দিতে চেয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু পারিবারিক কারণেই ভারতের মতো নিজ দেশের সঙ্গেও চুক্তি নবায়ন করছেন না, ‘আমার মনে হচ্ছে পরিবার থেকে দীর্ঘ সময় দূরে থাকাটা আমি আর সহ্য করতে পারব না। গত বছর আমার বাড়ি কেপটাউন থেকে ২৫০ দিন বাইরে ছিলাম আমি। বাবা হিসেবে আমার অনুপস্থিতির কারণে পারিবারিক দায়িত্বের সঙ্গে আমাকে আপস করতে হচ্ছে। এই যে এখন পাঁচ সপ্তাহ ধরে বাড়ি আছি, গত কয়েক বছরে এটাই সর্বোচ্চ। এই সময়টায় বুঝতে পেরেছি আমার না-থাকাটা বাচ্চাদের ওপর কতটা প্রভাব ফেলে।’ কারস্টেনের তিন সন্তানেরই বয়স দশের নিচে।

৩৯ ছুঁই-ছুঁই ডোমিঙ্গো শীর্ষ কোনো পর্যায়ে কোনো দিন খেলেননি, রাজ্যের ‘বি’ দলে কিছুদিন খেলেছেন। নিজের ভাষায় ছিলেন ‘গড়পড়তা ব্যাটসম্যান।’ খেলা বাদ দিয়ে তাই ক্রীড়া প্রশাসন ও বিপণনে ডিগ্রি নিয়ে ২৫ বছর বয়সেই আসেন কোচিংয়ে। এখন বলতেই হবে, বেছে নিয়েছিলেন সঠিক পথটাই! ওয়েবসাইট।