শিয়াংয়ের অবসর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনা ওয়েইবোতে কাল সারা দিন তোলপাড়, টুইটারের চীনা সংস্করণে কোটি খানেকের বেশি লোক যেন আবেগের স্রোতে ভেসে যাচ্ছে। ‘তুমি চীনের গর্ব’, ‘চীনের খেলার জগতের সবচেয়ে বড় তারা নিভে গেছে’—অনেকেই লিখেছেন এমন। কিন্তু কার জন্য এই শ্রদ্ধা? চীনের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের সর্বকালের সেরা অ্যাথলেট লিউ শিয়াং যে কাল অবসর নিয়েছেন! আভাসটা অবশ্য কদিন আগেই দিয়েছিলেন ২০০৪ এথেন্স অলিম্পিকে সোনাজয়ী এই হার্ডলার। কাল সেটিই জানিয়ে দিলেন। বিদায়বেলায় শিয়াং নিজেও আবেগে বেসামাল, ‘অনেক ভেবে দেখার পর এই সিদ্ধান্ত নিয়েছি। আমার খুবই কষ্ট হচ্ছে, কিন্তু এ ছাড়া কোনো উপায় ছিল না।’ বয়স হয়ে গিয়েছিল ৩১, ২০১২ লন্ডন অলিম্পিকের পর প্রতিযোগিতামূলক কোনো দৌড়ে অংশ নেননি। ২০০৮ বেইজিং ও ২০১২ লন্ডনেও ছিল ব্যর্থতার গল্প। তবে স্প্রিন্টে এশিয়ানদের আগমনধ্বনি প্রথম ঘোষণা করেছিলেন শিয়াংই। এএফপি।