শীতকালে হবে, হবে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২২ কাতার বিশ্বকাপের সময় নিয়ে ফিফায় বেশ একটা নাটক হয়ে গেল গতকাল। ফিফার মহাসচিব জেরম ভালক নিশ্চিত করেন, কাতার বিশ্বকাপ গ্রীষ্মকালে হবে না। পরক্ষণেই ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। কাতার বিশ্বকাপ গ্রীষ্মকালে হবে না বলে ভালক যে মন্তব্য করেছেন, সেটা তাঁর একান্তই নিজস্ব মত।

কাতার ২০২২ বিশ্বকাপের স্বাগতিক স্বত্ব পাওয়ার পর থেকেই এ নিয়ে সমালোচনা হচ্ছে। গ্রীষ্মে, বিশেষ করে বিশ্বকাপের সময় জুন-জুলাইয়ে কাতারের তাপমাত্রা থাকে ৪৫ ডিগ্রির ওপর। এমন শরীর সেদ্ধ করা গরমে খেলোয়াড়েরা মাঠে কুলোতে পারবেন কি না, তা নিয়ে সন্দিহান অনেকেই। তাই দাবি উঠেছে, ঐতিহ্য ভেঙে বিশ্বকাপ গ্রীষ্মকাল থেকে সরিয়ে শীতকালে আয়োজনের। ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার স্বয়ং এই বিশ্বকাপটা শীতকালে সরিয়ে নেওয়ার কথা বলে আসছেন অনেক দিন ধরেই। এ নিয়ে ফিফার ভেতরে-বাইরে অনেক আলোচনাও হচ্ছে।

এরই পরিপ্রেক্ষিতে গতকাল ভালক রেডিও ফ্রান্সকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্টই জানিয়ে দেন, ‘বিশ্বকাপ (কাতার) জুন-জুলাইয়ে হবে না।’ তাহলে কখন হবে? বিশ্ব ফুটবলের দ্বিতীয় প্রধান কর্তা জানিয়ে দেন, সবচেয়ে ভালো হয় সূচিটা শীতকালে হলে, ‘সত্যি বলতে, আমার ধারণা, এটা ১৫ নভেম্বর থেকে ১৫ জানুয়ারির মধ্যে হলেই ভালো হবে।’ নভেম্বর-ডিসেম্বরে কাতারের তাপমাত্রা ইউরোপের তাপমাত্রার সঙ্গে সংগতিপূর্ণ থাকে বলেই মনে করেন ভালক, ‘এটা হবে ফুটবল খেলার জন্য আদর্শ।’

কিন্তু পাল্টা বিবৃতিতে ফিফা বলেছে, ‘মহাসচিব জেরম ভালক গতকাল রেডিও ফ্রান্সকে দেওয়া সাক্ষাৎকারে ২০২২ বিশ্বকাপ অবশ্যই শীতকালে সরিয়ে নেওয়া হবে এবং সম্ভাব্য সময় হিসেবে ১৫ নভেম্বর থেকে ১৫ জানুয়ারি হবে বলে যে মন্তব্য করেছেন, সেটা তাঁর নিজের মত।’ বিবৃতিতে এটাও বলা হয়েছে, খেলোয়াড়, ক্লাব, বিভিন্ন কনফেডারেশন, স্পনসরসহ সব পক্ষের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে, ফিফা নির্বাহী কমিটি এতে ঐকমত্যে পৌঁছেছে, ‘২০১৪ ব্রাজিল বিশ্বকাপের আগে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।’ এএফপি।