শীতকালেই কাতার বিশ্বকাপ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত দিনের ঐতিহ্য ভেঙে ২০২২ কাতার বিশ্বকাপটা শীতকালেই হবে বলে মনে হচ্ছে। উয়েফার সদস্যরা মেনে নিয়েছে, আর যা-ই হোক, মধ্যপ্রাচ্যের গ্রীষ্মকালে বিশ্বকাপে খেলা কঠিন। বিকল্প উপায় ঠিক করতে খুব শিগগির একটা টাস্কফোর্স গঠন করা হবে।
সবার চোখ ছিল ক্রোয়েশিয়ার দুব্রোভনিকে। পরশু সেখানেই হলো ইউরোপের ৫৪টি ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্তাদের বৈঠক। ২০২২ কাতার বিশ্বকাপের ভবিষ্যৎ কী হতে যাচ্ছে? একটা উৎকণ্ঠা ছিলই। ফিফার সহসভাপতি জিম বয়েসের এই বক্তব্য ইঙ্গিত দিল, ওটা হতে পারে শীতকালে, ‘স্পষ্টতই কাতার বিশ্বকাপে কী হতে যাচ্ছে, সেটা নিয়ে কিছু আপত্তি তো ছিলই। কিন্তু সবাই একমত হয়েছেন কাতারের প্রচণ্ড গরমে খেলাটা হবে অসম্ভব। কাজেই এটা ঠিক করে ফেলাটা খুব গুরুত্বপূর্ণ। সবাই একমত হয়েছেন, এমন গ্রীষ্মে খেলা ও হাজারো সমর্থকের এত বড় একটা ক্রীড়াযজ্ঞে অংশ নেওয়া হবে অসম্ভব।’
তাহলে কি শীতকালেই সরে যাচ্ছে বিশ্বকাপ? স্কাই টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বয়েস সেটা অবশ্য স্পষ্ট করেননি। তবে কাতার থেকে বিশ্বকাপ সরে যাওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন, ‘আমার মনে হয়, কাতারের প্রতিনিধিসহ আমাদের সবার একটা সমাধানের জন্য একসঙ্গে বসা উচিত। যা হওয়ার সেটা হয়ে গেছে। এটা কাতারেই হচ্ছে। আর দিন শেষে ফুটবলের জন্য সবচেয়ে যেটা ভালো, সেটাই আমাদের বের করতে হবে। আমি আত্মবিশ্বাসী, সেটা আমরা করতে পারব।’ এএফপি, রয়টার্স।
অথচ কিছুদিন আগেও ইউরোপিয়ান পরাশক্তিগুলোর ফুটবল ফেডারেশনকে অনড়ই মনে হচ্ছিল। যে সময় বিশ্বকাপটা হয়, সেই জুন-জুলাইতে কাতারে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এই গরমে খেলোয়াড়দের তো বটেই, দর্শকদেরও উঠবে নাভিশ্বাস। ফিফা তাই বারবারই জোর দিচ্ছিল টুর্নামেন্টটা সরিয়ে জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে নিয়ে যাওয়ার জন্য। সে সময় অন্তত মরুদেশের তাপমাত্রাটা সহনীয় পর্যায়ে থাকে। কিন্তু বছরের ওই সময় আবার ইউরোপিয়ান ফুটবল থাকে জমজমাট। সম্ভাব্য আর্থিক ক্ষতির কথা চিন্তা করে ফেডারেশনগুলোর তাই ব্যাপারটা সহজে মেনে না নেওয়াটাই স্বাভাবিক ছিল। তবে অতি সম্প্রতি তাদের সুরটা নরম শোনাচ্ছে। শত হলেও বিশ্বকাপ ফুটবল বলে কথা! এখন মনে হচ্ছে, জুন-জুলাইয়ের বদলে জানুয়ারি-ফেব্রুয়ারিতেই হবে বিশ্বকাপটা।
কাতার অবশ্য বারবারই বলে আসছে, জুন-জুলাইতেই বিশ্বকাপ আয়োজনে প্রস্তুত। সে জন্য স্টেডিয়ামগুলোতে কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণের মতো ব্যয়বহুল উদ্যোগ নিতেও পিছপা হবে না। এতে তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামিয়ে আনা যাবে। কিন্তু দর্শকদের কথা ভেবেই ফিফা সময়সূচিটা পরিবর্তনে তাগিদ দিচ্ছে।
প্রশ্ন জাগতেই পারে, এসব তো আগে থেকে জানাই ছিল। সব জেনেশুনে কাতারকেই কেন বিশ্বকাপ আয়োজনের ভার দেওয়া হলো? এখানে রাজনীতির একটা চাল আছে। ফিফার সভাপতি সেপ ব্ল্যাটার নিজেই স্বীকার করেছেন, ‘হ্যাঁ, এখানে সরাসরি রাজনৈতিক প্রভাব ছিল। ইউরোপিয়ান নেতারা তাঁদের দেশের সদস্যদের কাতারকে ভোট দেওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন। কারণ, দেশটির সঙ্গে তাঁদের আর্থিক স্বার্থ জড়িত।’ আয়োজক হওয়ার দৌড়ে কাতারের কাছে হেরে যাওয়া জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র নিজেদের দুর্ভাগা ভাবতেই পারে!