জোহানেসবার্গদক্ষিণ আফ্রিকার মাথায় সবচেয়ে বাজে বিশ্বকাপ আয়োজকের ‘খেতাব’ জুটে গেছে প্রথম সপ্তাহটা না পেরোতেই। খেয়ালি প্রকৃতি এর গায়ে তুলে দিল আরেকটা তকমা। সবচেয়ে শীতার্ত বিশ্বকাপ।বিকেল নামতেই মানুষ ঢুকে পড়ছে ঘরের চার দেয়ালের মধ্যে। ঢুকে পড়ছে আসলে লেপ-কাঁথার মধ্যে। যারা অতি সাহসী, গাঁটের পয়সা খরচ করে টিকিট কিনেছে, পয়সা উসুল করার জন্য মাঠে যাচ্ছে। গ্যালারি কি আর এমনিতেই ফুটোফাটা বের করে বাঁকা চোখে তাকাচ্ছে! এই শীতের মধ্যে বাফানা বাফানারাও বাড়তি এক পশলা শীতের বাতাস যোগ করেছে দক্ষিণ আফ্রিকার জনজীবনে।গত বুধবার বাফানা বাফানারা যে রাতে উরুগুয়ের কাছে তিন গোল খেয়ে ঠান্ডা হয়ে গেল, সে রাতেই জোহানেসবার্গে গত দশ বছরের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রার রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। ১৯৯৪ সালের ৩০ জুন তাপমাত্রা ছিল মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস। আর এই রাতে জোহানেসবার্গ কাঁপল মাইনাস ৪.২ ডিগ্রি তাপমাত্রায়।ওই রাতে ফ্রি স্টেটের ফ্রাঙ্কফুর্ট নামের শহরটির তুলনায় অবশ্য জোবার্গের মানুষ অনেক উষ্ণতাই উপভোগ করেছে। ফ্রাঙ্কফুর্টে তাপমাত্রা ছিল মাইনাস ১০.৩।কিন্তু বিশ্বকাপ কভার করতে এসে আবহাওয়ার রিপোর্ট করা তো সাংবাদিকের কাজ নয়। সাংবাদিকদের ছুটতে হচ্ছে দলের পেছনে। তাদের অনুশীলনে, ম্যাচে। তবে শীতের কাঁপুনিতে ঘুরে-ফিরে আসছে তাপমাত্রার প্রসঙ্গ। গায়ে সাত-আট পরত চাপিয়ে, টুপি আর মাফলারে মাথা-গলা ঢেকে একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, ‘ও ভাই, আজ কত গেল?’ কত মানে, কত ডিগ্রি।শীতপ্রধান যেসব দেশের মানুষকে প্রায় পেঙ্গুইনের সঙ্গে তুলনা করা হয়; সেই নরওয়ে, ডেনমার্ক, রাশিয়ার সাংবাদিকেরাও যদি শীতে কাঁপে, আধখানা ম্যাচ দেখে মিডিয়া সেন্টারে দু হাতের তালু ঘষে উষ্ণতা খোঁজে, তাহলে বাংলাদেশের নয়জন সাংবাদিকের কী দশা বুঝতেই পারছেন!বিশ্বকাপ শুরুর আগে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বলা হয়েছিল, দিনের তাপমাত্রা থাকতে পারে ১৪-২০ ডিগ্রি সেলসিয়াসের মতো। রাতে নেমে দাঁড়াতে পারে শূন্যে। কেপটাউন, পোর্ট এলিজাবেথে বৃষ্টিও হতে পারে। তা কয়েকটা ম্যাচ ওখানে বৃষ্টিতে ভিজেছে। গায়ে মেখেছে হাওয়ার দাপট আর শীত। অভিজ্ঞজনেরা বলছেন, ওই অন্তরীপ অঞ্চলের বৃষ্টি আর ঠান্ডাই সারা দেশে হঠাৎ করে এমন শীতের প্রাদুর্ভাবের জন্য দায়ী।প্রকৃতি এমনই, যন্ত্রপাতির মাধ্যমে যদি তার মনটা বুঝতে পারতেন, তাহলে তো হয়েছিলই। কিন্তু এই বিশ্বকাপও তো এমন খেয়ালি হয়েই উঠল!শিরোপার দাবি নিয়ে আসা দলগুলোর মধ্যে একমাত্র আর্জেন্টিনা আর ব্রাজিলেরই সফল উড্ডয়ন হলো। আর সবাই তো প্রথম থেকেই খোঁড়াচ্ছে। ফ্যাবিও ক্যাপেলোর হাত ধরে কী তেজ নিয়েই না দক্ষিণ আফ্রিকায় পা ফেলা ইংল্যান্ড প্রথম ম্যাচে হোঁচট খেল যুক্তরাষ্ট্রের সামনে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি প্যারাগুয়ের কাছ থেকে একটা পয়েন্ট নিয়ে ফিরতে পারল কেঁদে-ককিয়ে। হট ফেবারিট স্পেনের তো পা-ই কেটে গেল সুইজারল্যান্ডের মতো পচা শামুকে। কেপটাউনে প্রথম শীতের সন্ধ্যায় উরুগুয়ের সঙ্গে কোনো গোল না করে পয়েন্ট ভাগাভাগি ফ্রান্সের। পরশু পোলকওয়েনের আরেকটি শীতার্ত সন্ধ্যা তাদের মাথার ওপর ঝুলিয়ে দিল খড়গ। মেক্সিকোর কাছে ০-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের ঘণ্টাধ্বনি শুনছে এখন ফ্রান্স। তাদের সামনে এসে দাঁড়িয়েছে যেন ২০০২ কোরিয়া-জাপান বিশ্বকাপের অশুভ ছায়া। উরুগুয়েকে গ্রুপসঙ্গী হিসেবে পেয়েছিল ফ্রান্স ওই বিশ্বকাপেও। বুসানে তাদের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল। সে ম্যাচে লাল কার্ড পেয়েছিলেন থিয়েরি অঁরি। সবচেয়ে মজার ব্যাপার, গোলশূন্যভাবেই ওই বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল তারা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এমন বাজে বিশ্বকাপের রেকর্ড আর কারও নেই। এবার আগের বিশ্বকাপের ফাইনালিস্ট হিসেবে এসে লজ্জার রেকর্ডটা গড়া হয়ে যেতে পারে লে ব্লুদের।এই ফ্রান্সকে উদ্ধার করবে কে? অঁরি! মেক্সিকো যখন এক গোলে এগিয়ে গেছে, তিনি তো তখন বেঞ্চে কম্বল মুড়ি দিয়ে আধো ঘুমে তলিয়ে। বাঁচাতে পারেন মনে হয় রেমন্ড ডমেনেখ। ফরাসি সাংবাদিকেরা ফ্রান্সের কোচকে ডাকেন ‘ডোম’, তাঁদের কথা, ডোম যদি তাঁর জ্যোতিষবিদ্যার কিছু ঢেলে মেক্সিকো-উরুগুয়ে ম্যাচে কাউকে জিতিয়ে দিতে পারেন, আর দক্ষিণ আফ্রিকাকে যদি বড় ব্যবধানে হারানোর স্বপ্নে পাওয়া কোনো টোটকা কাজে লাগাতে পারেন, তাহলেই ফ্রান্স বেঁচে যাবে।লেকিপের রিপোর্টার স্তেফান যেন দিব্যচোখে ডমেনেখের ফ্রান্সের ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন। ফ্রান্সকে ছেড়ে তাই ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে পড়ে আছেন আর ফ্রান্সের মহানায়ক জিনেদিন জিদান আছেন আলজেরিয়াকে নিয়ে!