শীতে জবুথবু সাঁতারুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতের বিকেলে পানি থেকে উঠেই ড্রেসিংরুমের দিকে ভোঁ-দৌড় দিলেন নাজমা খাতুন। বাংলাদেশ আনসারের জার্সিটা গায়ে চাপিয়ে বাইরে এসেও ঠকঠকিয়ে কাঁপছিলেন। শুধু নাজমা নয়, মিরপুর সুইমিং পুলে কাল শুরু হওয়া সিটিসেল জাতীয় সাঁতারে এমন দৃশ্য অনেকবারই দেখা গেছে।সাধারণত জাতীয় সাঁতার হয়ে থাকে আগস্টের শেষ ভাগে বা সেপ্টেম্বরের শুরুতে। কিন্তু এবার ফেডারেশন এই প্রতিযোগিতার সূচি পেছাতে পেছাতে নিয়ে এসেছে নভেম্বরের শেষ তিন দিনে। এমন জাঁকালো শীতে আর যা-ই হোক, সাঁতারটা জমছে না। যে কারণে অন্য বছরগুলোতে হওয়া মুড়িমুড়কির মতো রেকর্ড এবার হচ্ছে না বলেই স্পষ্ট ইঙ্গিত।প্রথম দিনে ১২টি ইভেন্টের মধ্যে একমাত্র রেকর্ড গড়েছেন জুয়েল আহমেদ। বাংলাদেশ সেনাবাহিনীর সাঁতারু প্রথমবারের মতো অংশ নিলেন জ্যেষ্ঠ বিভাগে। এসেই ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ৪ মিনিট ৫৫.২২ সেকেন্ড সময় নিয়ে পেছনে ফেললেন ২০০৪ সালের এসএ গেমসে সোনাজয়ী রুবেল রানার রেকর্ড। ২০০২ সালে নৌবাহিনীর সাঁতারু রুবেল সময় নিয়েছিলেন ৪ মিনিট ৫৬.৪৫ সেকেন্ড।এমন শীতে জাতীয় সাঁতারে এসে বেশি বিপাকে ঢাকার বাইরের সাঁতারুরা। সারা বছর এমনিতেই অনুশীলনের তেমন সুবিধা পান না এঁরা। এবার শীতের কারণে ঠান্ডা পানিতে পুকুর বা নদীতে অনুশীলন না করেই ঢাকায় এসেছেন। সার্ভিসেস দল ও বিকেএসপির মতো দলও অনুশীলনের অসন্তুষ্টির কথা বলল। বিকেএসপির কোচ মোশারফ হোসেন অবশ্য যোগ করলেন, ‘আমরা মাত্র দেড় মাস আগে চিঠি পেয়েছি। তাই অনুশীলনটা আশানুরূপ হয়নি।’ এসএ গেমসে সোনাজয়ী সাঁতারু সেনাবাহিনীর শাজাহান আলীর (রনি) কথা, ‘আরও আগে জাতীয় সাঁতার হলে ভালো হতো।’বিষয়টা মানছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানও। তবে তাঁর ব্যাখ্যা, ‘এর আগেও নভেম্বর মাসে জাতীয় সাঁতার হয়েছে। এবার একটু আগেভাগে শীত নেমেছে, এই যা। আমরা চেয়েছিলাম জাতীয় সাঁতারটা আগেই শেষ করতে। কিন্তু সারা দেশের স্কুলগুলোতে পরীক্ষা চলছিল। যে কারণে স্কুলগুলোর পরীক্ষার সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।’ তাঁর দাবি, পানি গরম করার জন্য ব্রয়লার মেশিন আগে থেকেই সচল করে দেওয়া হয়েছে। সাঁতারুদের তাই কোনো সমস্যা নাকি হয়নি। তবে সাঁতারুরা জানিয়েছেন, শীতেই তাঁরা অর্ধেক শক্তি হারিয়ে ফেলেছেন।কাল সাঁতারের পাশাপাশি হয়েছে ওয়াটার পোলো। এই শীতে এক দিনেই ওয়াটার পোলো শেষ করার চেষ্টা করেছে ফেডারেশন। ১৬টি দলের নকআউট এই টুর্নামেন্ট এমন তাড়াহুড়ো করে শেষ করার পেছনে নাকি টিএ-ডিএ বাঁচানোর চেষ্টাও ছিল!নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বললেন, সারা দিনে দেয় মাত্র ২০০ টাকা। এটাও কমানোর জন্যই এমন দায়সারা আয়োজন।