শীতে নয় বিশ্বকাপ
২০২২ বিশ্বকাপের সময় বদলে শীতকালে হওয়ার সম্ভাবনা নেই। ফিফা বিবৃতি দিয়েই জানিয়ে দিয়েছে পরিষ্কার।২০২২ বিশ্বকাপটা হবে কাতারে। গ্রীষ্মে মরুভূমির এই দেশটি হয়ে উঠবে উত্তপ্ত চুল্লির মতো। এমন দেশে গ্রীষ্মকালে বিশ্বকাপ কী করে হবে? কাতারের বিশ্বকাপ প্রার্থিতা উপস্থাপন করতে যাওয়া দলটি অবশ্য বলে এসেছে, শীতাতপ নিয়ন্ত্রিত বিশ্বকাপ করবে তারা। জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার পরামর্শ দিয়েছিলেন বিশ্বকাপটা শীতকালে সরিয়ে নিলেই ভালো হবে। এর আগে ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারও ইঙ্গিত দিয়েছিলেন প্রথমবারের মতো বিশ্বকাপ সূচি বদলানোর। ইউরোপের দেশগুলো সঙ্গে সঙ্গেই তীব্র প্রতিক্রিয়া জানায়। পরে এশিয়ান ফুটবল কনফেডারেশন সভাপতি ও কাতারের ফুটবল কর্মকর্তা মোহাম্মদ বিন হাম্মাম জানুয়ারি-ফেব্রুয়ারিতে বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা বাতিল করে দেন।অবশেষে ফিফা বিবৃতি দিয়ে জানিয়ে দিল, আন্তর্জাতিক সূচি বদলানোর কোনো ইচ্ছা আপাতত তাদের নেই, ‘আমাদের সবকিছু জুনকেন্দ্রিক। জুন ও জুলাইয়ের এ পাশে বা ও পাশে এক সপ্তাহও নেওয়ার ইচ্ছা আমাদের নেই।’ রয়টার্স।