শীর্ষ তিনে ইউরোপ-রাজ
বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও তিনবারের সাবেক চ্যাম্পিয়ন জার্মানি আগে থেকেই ছিল প্রথম ও দ্বিতীয় স্থানে। কাল প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানটাও দখল করে নিল আরেক ইউরোপীয় দল পর্তুগাল। গত এক মাসে কোনো ম্যাচ না খেললেও পর্তুগিজরা উন্নতি করেছে এক ধাপ। গত মাসে তিনে থাকা আর্জেন্টিনা নেমে গেছে ছয়ে। যুগ্মভাবে ছয়ে আছে প্রতিবেশী ব্রাজিলও, তিন ধাপ এগিয়েছে ২০১৪ বিশ্বকাপের স্বাগতিকেরা। চার ও পাঁচে কলম্বিয়া ও উরুগুয়ে।
গত মাসে আন্তর্জাতিক ম্যাচ হয়েছে মাত্র ছয়টি। উত্থান-পতন যা হয়েছে সেটা আগের বছরগুলোর ম্যাচের পুনর্মূল্যায়ন হওয়াতেই। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলোর গুরুত্ব কমে গেছে অনেকটাই।
সর্বশেষ র্যাঙ্কিংয়ে একধাপ পেছানো বাংলাদেশ আছে ১৬৩ নম্বরে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা ও ভুটানই শুধু বাংলাদেশের পেছনে আছে। সবার ওপরে আফগানিস্তান (১২২)। তথ্যসূত্র: ফিফা।