২১টি করে ম্যাচ শেষ। শীর্ষ তিন দলের প্রথম দুটির মধ্যে ব্যবধান শুধু গোলের। তৃতীয় দলটি পিছিয়ে মাত্র ১ পয়েন্টে। এতেই বুঝে নিতে পারেন এই মৌসুমে লা লিগার শিরোপার লড়াইটা কতটা জমাট।
লড়াইটা তুঙ্গে উঠতে পারে এ সপ্তাহে, কারণ বার্সেলোনা অ্যাটলেটিকো আর রিয়াল মাদ্রিদ—তিন দলের জন্যই এই রাউন্ডে অপেক্ষা করছে তুলনামূলক কঠিন প্রতিপক্ষ।
সবচেয়ে বড় পরীক্ষাটা অবশ্য রিয়ালকেই দিতে হবে। কাল সান ম্যামেসে তাদের প্রতিপক্ষ পয়েন্ট তালিকার চতুর্থ দল অ্যাথলেটিক বিলবাও। কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হারলেও লিগে সর্বশেষ তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১৫ গোল দিয়েছে বিলবাও। এই মৌসুমে লিগে বার্সেলোনাকে একমাত্র হারের স্বাদটাও দিয়েছে ওরাই। প্রতিপক্ষকে নিয়ে তাই একটু বাড়তি সতর্ক রিয়াল কোচ কার্লো আনচেলত্তিও, ‘এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ও কঠিন ম্যাচ। এই মুহূর্তে বিলবাও খুব ভালো খেলছে আর সান ম্যামেসে খেলাটাও খুব সহজ নয়।’ তবে সব ধরনের প্রতিযোগিতায় টানা ১০ ম্যাচ অপরাজিত থাকা রিয়ালের ফর্মটা আত্মবিশ্বাস জোগাচ্ছে আনচেলত্তিকে, ‘আমাদের জন্য ওদের বিপক্ষে খেলার এটাই সবচেয়ে ভালো সময়, কারণ দল এখন আত্মবিশ্বাসী আর জয়ের জন্য মরিয়া।’
রিয়ালের বিলবাও পরীক্ষার দিনই মাঠে নামছে শিরোপাপ্রত্যাশী অ্যাটলেটিকোও। ভিসেন্তে ক্যালদেরন স্টেডিয়ামে তারা আতিথ্য দেবে পয়েন্ট তালিকার ছয় নম্বরে থাকা রিয়াল সোসিয়েদাদকে। বড় ম্যাচে অ্যাটলেটিকো কোচ পাচ্ছেন না তার লেফটব্যাক ফিলিপে লুইসকে। কোপা ডেল রেতে বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে তিনি ছিটকে পড়েছেন।
অন্য দুই দলের এক দিন আগেই শক্তি পরীক্ষা হয়ে যাবে বার্সেলোনার। ন্যু ক্যাম্পে আজ লা লিগার শীর্ষ দলটি খেলবে ভ্যালেন্সিয়ার বিপক্ষে। মাঠের বাইরে নেইমারের দলবদল-বিতর্কে টালমাটাল হলেও মাঠের খেলায় সেটার প্রভাব পড়তে দিচ্ছে না জেরার্ডো মার্টিনোর দল। লেভান্তের বিপক্ষে কোপা ডেল রের ম্যাচে একাদশে ছিলেন না লিওনেল মেসি, জেরার্ড পিকে, জর্ডি আলবা ও ভিক্টর ভালদেসরা। তবে আজ বড় ম্যাচে নিশ্চয়ই ওদের বেঞ্চে বসিয়ে রাখবেন না মার্টিনো।
আজ অন্য রকম একটা ম্যাচ হতে পারত সাবেক মার্সেলোনা মিডফিল্ডার সেইডু কেইটার জন্যও। চীনের ক্লাব এরবিন থেকে স্বল্পমেয়াদি ধারে ভ্যালেন্সিয়ায় যোগ দিয়েছেন তিনি। তবে মানিয়ে নিতে যথেষ্ট সময় পাননি বলেই হয়তো আজ সাবেক দলের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না তাঁর। এএফপি।