শীর্ষ দশে নেই ব্রাজিল!
ফিফা র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষ দশের বাইরে চলে গেল ব্রাজিল। কাল প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থান ১১ নম্বরে। ১৯৯৩ সালে র্যাঙ্কিং চালু হওয়ার পর এটাই ফুটবলের দেশটির সর্বনিম্ন অবস্থান। বিশ্বকাপের স্বাগতিক হওয়ারই মূল্য দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা! অনেক দিন ধরেই প্রতিযোগিতামূলক ফুটবলের বাইরে দেশটি। যা দু-একটা ম্যাচ খেলা হয় সেগুলোও কম গুরুত্বের প্রীতি ম্যাচ। আর প্রতিদ্বন্দ্বীরা সব খেলেছে ইউরো ও বিশ্বকাপ বাছাইপর্ব। শীর্ষে থেকে ইউরোতে যাওয়া স্পেন শিরোপা জিতে ২৩৫ র্যাঙ্কিং পয়েন্ট বাড়িয়েছে। ইউরোয় অপরাজিত চ্যাম্পিয়ন দলটি মোট ১৬৯১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানের দল জার্মানির চেয়ে ১৮৯ পয়েন্ট এগিয়ে গেছে। সেমিফাইনালে বিদায় নিলেও জার্মানরা এক ধাপ এগিয়ে উঠে এসেছে দুইয়ে। উরুগুয়ে নেমে গেছে তিনে। ইউরো এগিয়ে দিয়েছে টুর্নামেন্টের বেশির ভাগ দলকেই। ইংল্যান্ড চারে, পর্তুগাল পাঁচে ও ইতালি ছয়ে উঠে এসেছে। পতন হয়েছে গ্রুপ পর্বের সব ম্যাচেই হারা হল্যান্ডের। চার ধাপ পিছিয়ে ডাচরা এখন আটে। প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারানো আর্জেন্টিনা আছে আগের মতো সাতেই। তথ্যসূত্র: ফিফা ডট কম। ২০১২ সালের এ পর্যন্ত কোনো ম্যাচ না খেললেও একধাপ এগিয়েছে বাংলাদেশ। বিশ্ব র্যাঙ্কিংয়ে ১৫১ নম্বরে হলেও দক্ষিণ এশিয়ায় সবার ওপরে আছে বাংলাদেশই। নেপাল (১৫৫) ছয় ধাপ পেছানোতেই বাংলাদেশের এই উন্নতি।