শীর্ষচ্যুত মাইকেল ক্লার্ক
ব্রিজটাউন টেস্টের দুই ইনিংসে ৭৩ ও ৬ রান। এই পারফরম্যান্সই মাইকেল ক্লার্ককে ছিটকে ফেলল আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান থেকে। দুই ধাপ পিছিয়ে অস্ট্রেলিয়ান অধিনায়ক ব্যাটসম্যানদের মধ্যে এখন তৃতীয়। ফলে এককভাবে এক নম্বরে স্থানে জাঁকিয়ে বসলেন সর্বশেষ র্যাঙ্কিংয়ে ক্লার্কের সঙ্গে যৌথভাবে এক নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। কাল প্রকাশিত র্যাঙ্কিংয়ে অন্য উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে আছে ব্রিজটাউন টেস্টে অস্ট্রেলিয়ার জয়ের দুই নায়ক বেন হিলফেনহস ও রায়ান হ্যারিসের উন্নতি। দুজনই এখন আছেন ক্যারিয়ার-সেরা জায়গায়। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ৩১ রানে ৩ উইকেট নেওয়া ম্যান অব দ্য ম্যাচ হ্যারিস উঠে এসেছেন বোলিংয়ের ১৬ নম্বরে। ব্রিজটাউন টেস্ট পাঁচ ধাপ এগিয়েছে তাঁকে। দিয়েছে ক্যারিয়ার-সেরা রেটিং পয়েন্টও, ৬১৪। ৭৫১ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় ইনিংসেই ২৭ রানে ৪ উইকেট পাওয়া হিলফেনহস ১১ থেকে উঠে এসেছেন আটে। রেটিং পয়েন্টের দিক দিয়ে এটাই তাঁর সেরা অবস্থান।প্রথম ইনিংসে অপরাজিত ১০৩ রানে ইনিংসটির কারণে তিন ধাপ এগিয়ে এখন পাঁচে অবস্থান করছেন শিবনারায়ণ চন্দরপল। বোলিংয়ে যথারীতি শীর্ষে ডেল স্টেইন। পরিবর্তন আসেনি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও। সাকিব আল হাসানই আছেন সবার ওপরে। শেন ওয়াটসন যথারীতি দ্বিতীয় স্থানে। ওয়েবসাইট।