শীর্ষস্থান ধরে রাখল আর্সেনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের পক্ষে প্রথম গোলটি করার পর উল্লাসে মেতেছেন জ্যাক উইলশায়ার (ডানে)। ছবি: রয়টার্স
দলের পক্ষে প্রথম গোলটি করার পর উল্লাসে মেতেছেন জ্যাক উইলশায়ার (ডানে)। ছবি: রয়টার্স

১৯৯৮ সালের পর অ্যাস্টন ভিলার মাঠে খেলতে গিয়ে একবারও হারের মুখ দেখতে হয়নি আর্সেনালকে। এবারের মৌসুমেও তার ব্যতিক্রম হলো না। ঘাম ঝরিয়ে হলেও উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে ২-১ গোলের জয় পেয়েছে গানাররা। আর এই জয় দিয়ে তারা নিজেদের দখলেই রেখেছে পয়েন্টতালিকার শীর্ষস্থানটা।
প্রিমিয়ার লিগের ২১ ম্যাচ শেষে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। সমানসংখ্যক ম্যাচ খেলে ৪৭ ও ৪৬ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি ও চেলসি। চতুর্থ স্থানে থাকা লিভারপুলের সংগ্রহ ৪২ পয়েন্ট।

প্রথমার্ধের খেলায় মাত্র এক মিনিটের ব্যবধানেই অ্যাস্টন ভিলার জালে দুইবার বল জড়িয়েছিল আর্সেনাল। ৩৪ মিনিটে দলের প্রথম গোলটি আসে জ্যাক উইলশায়ারের পা থেকে। এক মিনিট পরে গানারদের দ্বিতীয় গোলটির পেছনেও অবদান ছিল এই ইংলিশ মিডফিল্ডারের। তাঁর পাস থেকে বল পেয়েই দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেছেন অলিভার জিরোড।

প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যাওয়ায় জয় প্রায় নিশ্চিতই হয়ে গিয়েছিল আর্সেনালের। কিন্তু দ্বিতীয়ার্ধে বেশ ভালো প্রতিরোধ গড়ে ভিলা। ৭৬ মিনিটে একটা গোল শোধও করে দিয়েছিলেন অ্যাস্টন ভিলার বেলজিয়ান স্ট্রাইকার ক্রিশ্চিয়ান বেনটেকে। কিন্তু ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছে আর্সেনাল। রয়টার্স