শীর্ষস্থান ফিরে পেতে চান ক্লার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর অ্যাশেজ সিরিজে ভয়াবহ ব্যর্থতার পর আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে নেমে গেছে অস্ট্রেলিয়া। এবার শ্রীলঙ্কা সফর থেকেই র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা পুনরুদ্ধার করার কাজটা শুরু করে দিতে চান মাইকেল ক্লার্ক। তবে কাজটা খুব বেশি তাড়াহুড়ো না করে ধীরেসুস্থেই করতে চান অস্ট্রেলিয়ান অধিনায়ক।অধিনায়ক হিসেবে এবারই দেশের বাইরে কোনো সিরিজ খেলতে যাচ্ছেন ক্লার্ক। আজ শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেওয়ার আগে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমি সত্যিই মনে করি যে, আমরা আবার টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা ফিরে পাব। কিন্তু তার জন্য আমাদের কিছু সময় দরকার। আমাদের অনেক মেধাবী খেলোয়াড় আছে। আমরা যদি কয়েক মাসের মতো মনোযোগ দিয়ে খেলে যেতে পারি, তাহলে সাফল্য আসবেই।’শীর্ষস্থান পুনরুদ্ধারের এই মিশনে শুরুতেই শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকায় দুটি সিরিজ খেলতে হবে অস্ট্রেলিয়াকে। এরপর ঘরের মাটিতে নিউজিল্যান্ড ও টেস্ট র্যাঙ্কিংয়ের ১ নম্বর দল ভারতের মুখোমুখি হতে হবে অসিদের। শুরুটা কঠিন হিসেবে স্বীকার করলেও এই সিরিজগুলোকে নিজেদের শক্তিমত্তা যাচাইয়ের ভালো উপায় বলে মনে করছেন ক্লার্ক। তিনি বলেছেন, ‘এ সময়ের অন্যতম সেরা দুই দল শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমাদের মুখোমুখি হতে হবে তাদের মাটিতে। কাজেই আমরা জানি যে শুরুটা আমাদের জন্য খুবই কঠিন হবে। এতে আমাদের ক্ষমতা সম্পর্কেও আমরা একটা ভালো ধারণা পাব। আর আমরা যদি তাদের মাটিতে ভালো পারফরমেন্স দেখাতে পারি, তাহলে ভারতের বিপক্ষে সিরিজটাতে আমরা অনেক আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারব।’ রয়টার্স।