শীর্ষে আর্সেনাল, হার ইন্টারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারী তুষারপাতের কারণে বাতিল হয়ে গেছে ব্লাকপুল-ম্যানইউর ম্যাচ। এই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়েছে আর্সেনাল। ফরাসি তারকা সামির নাসরির জোড়া গোলে ফুলহামকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে আর্সেন ওয়েঙ্গারের দল। শীর্ষস্থান দখলে নিতে পারত চেলসিও। কিন্তু আবারও পয়েন্ট হারিয়ে সেই সুযোগ হাতছাড়া করেছে কার্লোস আনচেলত্তির দল। কাল ঘরের মাঠে তারা দিদিয়ের দ্রগবার পেনাল্টি গোলে এগিয়ে গিয়েও এভারটনের বিপক্ষে ড্র করেছে ১-১ গোলে।ঘরের মাঠ ইস্টল্যান্ডে ১০ জনের দলে পরিণত হয়েও জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি। অধিনায়ক কার্লোস তেভেজের একমাত্র গোলে তারা ১-০ গোলে হারিয়েছে বোল্টন ওয়ান্ডারার্সকে। জয়সূচক গোলটি তেভেজ করেছেন ৪ মিনিটে। নিজেদের মাঠে ১৪ ও ৭৫ মিনিটে আর্সেনালের দুটি গোলই করেছেন নাসরি। ফুলহামের গোলটি ডায়ম্যান্সি কামারার।এদিকে সিরি ‘আ’তে ইন্টার মিলান পরশু ৩-১ গোলে হেরে গেছে লাৎসিওর কাছে। এই হারে আবারও চাপে পড়ে গেলেন ইন্টারের কোচ রাফায়েল বেনিতেজ। আগের রাউন্ডে পার্মার বিপক্ষে জয় পায় বেনিতেজের দল। জয় পেয়েছিল তারা চ্যাম্পিয়নস লিগে এফসি টোয়েন্টের বিপক্ষেও। এতে সমালোচনা কিছুটা হলেও কমে। কিন্তু পরশুর পরাজয় আবার খুলে দিয়েছে সমালোচকদের মুখ। বেনিতেজের চাকরিটাই বুঝি যায়!লাৎসিওকে ২৭ মিনিটে প্রথম লিড এনে দেন বিয়াভার। জারাতে দ্বিগুণ করেন ৫২ মিনিটে। দেজান স্টানকোভিচ, স্যামুয়েল ইতো, ডিয়েগো মিলিতোবিহীন ইন্টারের সান্ত্বনার গোলটি ৭৪ মিনিটে লাৎসিওরই সাবেক তারকা পানদেভের। ৮৯ মিনিটে ইন্টারের কফিনে শেষ পেরেক ঠুকেছেন হার্নানেস।এই জয়ে শীর্ষ দল এসি মিলানকে ধরে ফেলল লাৎসিও। ১৫ ম্যাচে মিলানের সমান ৩০ পয়েন্ট তাদের। মিলানের অবশ্য কাল রাতেই সুযোগ ৩ পয়েন্ট বাড়িয়ে নেওয়ার। ব্রেসিয়ার মুখোমুখি হয়েছিল তারা। ১৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ইন্টার ছয়ে।স্প্যানিশ লিগে বার্সেলোনা-ওসাসুনার গতকালের ম্যাচটি হবে আজ। বিমানকর্মীদের ধর্মঘটের কারণে বার্সাকে পামপ্লোনায় যেতে হচ্ছে রেল আর বাসে করে। এ কারণেই পরিবর্তন করা হয়েছে সূচি। এএফপি।