শীর্ষে ওঠার সময় এসেছে: জাভি
ফাইনালের মহারণ শুরু হতে আর কয়েক ঘণ্টা বাকি। এ লড়াইয়ে ফেবারিট ভাবা হচ্ছে স্পেনকে। প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলার স্বপ্নে বিভোর স্প্যানিশরা। কিন্তু জাভি হার্নান্দেজের দৃষ্টি আরও ওপরে। শুধু বিশ্বকাপ জয় নয়, স্পেনকে আবারও শীর্ষস্থানে দেখার অপেক্ষায় আছেন তিনি।গত মে মাসে স্পেনকে পেছনে ফেলে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করে ব্রাজিল। কার্লোস দুঙ্গার দলের বিদায় হয়েছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে। অন্যদিকে আজকের ম্যাচে জয় পেলে শিরোপা উঠবে স্পেনের হাতে। তারকা মিডফিল্ডার জাভি আলোনসো বলছেন, ‘বিশ্ব র্যাঙ্কিংয়ে পরিবর্তন আসলে আশা করছি তা স্পেনের পক্ষেই যাবে। স্পেনের শীর্ষে ওঠার সময় এসেছে। আমি মনে করি, যেভাবে খেলছে তাতে শীর্ষস্থানটা এই দলের প্রাপ্য।’আজকের লড়াইয়ের মাধ্যমেই নির্ধারিত হয়ে যাবে শেষ হাসি হাসবে কারা। তার ওপর প্রথমবারের মতো ফাইনালের মঞ্চে স্পেন। একটু কি দুশ্চিন্তা হচ্ছে না? জাভি বলছেন, ‘কিছুটা উদ্বিগ্ন লাগছে। তবে আত্মবিশ্বাসে ভরপুর দল স্পেন। আমরা শুধু আমাদের সেরা খেলা নিয়ে ভাবছি। এটা আমাদের জন্য ঐতিহাসিক ম্যাচ। এ মুহূর্তটি উপভোগ করতে চাই আমরা।’ফাইনালের পথে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে এসেছে হল্যান্ড। ডাচদের আজকের ম্যাচে ফেবারিট হিসেবে দেখা না হলেও জাভির বিশ্বাস, লড়াইটা কঠিন হবে। স্পেনের এই তারকা মিডফিল্ডার বলছেন, ‘হল্যান্ডের খেলার ধরন আমাদের মতোই। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। আমাদেরকে বাড়তি সতর্ক থাকতে হবে।’