শীর্ষে চোখ বার্সেলোনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসির অসুস্থতা নিয়ে শঙ্কা, মাত্রই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে আসার ক্লান্তি। সবকিছুকেই বার্সেলোনা জয় করতে চাইছে মনের জোরে। আজ অবনমন এলাকার ভ্যালাদোলিদ সামনে বলে বার্সা এটা চাইতেই পারে।
২৬ ম্যাচ শেষে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ। ব্যবধান মাত্র ১ পয়েন্ট। রিয়ালের পয়েন্ট ৬৪, বার্সার ৬৩। রিয়াল আগামীকাল বার্নাব্যুতে খেলবে লেভান্তের সঙ্গে। বার্সার সামনে তাই অন্তত ২৪ ঘণ্টার জন্য হলেও শীর্ষে ওঠার সুযোগ। জেরার্ডো মার্টিনোর দল সুযোগটা কাজে লাগিয়ে প্রস্তুত হতে চায় চ্যাম্পিয়নস লিগের জন্যও।
বুধবার ম্যানচেস্টার সিটির সঙ্গে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগ। প্রথম লেগে সিটির মাঠ থেকে ২-০ গোলে জিতে আসা বার্সা প্রস্তুতিটা জয় দিয়েই সারতে চাইছে। তবে কোচ মার্টিনোকে মাথায় রাখতে হচ্ছে অন্য একটা বিষয়ও। অধিনায়ক কার্লোস পুয়োল বার্সা ছাড়ার আগাম ঘোষণা দিয়েছেন। স্বাভাবিকভাবেই মাঠের বাইরের পরিবেশটা অন্য রকম। পুয়োলের জায়গাটার জন্য ভাবা হচ্ছে মার্ক বার্ত্রাকে। ২৩ বছর বয়সী ডিফেন্ডার অবশ্য আজ এমনিতেই থাকতে পারেন একাদশে। পায়ের পেশির চোটের কারণে জেরার্ড পিকের না খেলার সম্ভাবনাই বেশি। আজ ম্যাচ আছে ৬১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদেরও। প্রতিপক্ষ সেল্টা ভিগো। কোচ ডিয়েগো সিমিওনির জন্য শঙ্কা, মৌসুমে পাঁচ হলুদ কার্ড পাওয়ায় আজ খেলতে পারছেন না স্ট্রাইকার ডিয়েগো কস্তা। গত রোববার রিয়ালের সঙ্গে ২-২ ড্র ম্যাচের শেষ দিকে হলুদ কার্ড পান কস্তা।
ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা চেলসি আজ নিজেদের মাঠে খেলবে টটেনহামের বিপক্ষে। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ ওয়েস্টব্রম। এএফপি।