শীর্ষে জাঁকিয়ে বসেছে জুভেন্টাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরি ‘আ’র ম্যাচ বাকি ১১টি। শিরোপার সুবাসটা এখন ভালোই পাচ্ছে জুভেন্টাস। দ্বিতীয় স্থানে নাপোলির সঙ্গে পরশু ১-১ গোলে ড্র করে ৬ পয়েন্টের অগ্রগামিতাও ধরে রেখেছে ইতালিয়ান পরাশক্তিরা।নাপোলির মাঠে শেষ জয় পেয়েছিল তারা ১৩ বছর আগে। বর্তমান কোচ আন্তোনিও কন্তে সে ম্যাচে খেলেছিলেন জুভেন্টাসের মাঝমাঠে। তবে সেই স্মৃতিটা ফিরিয়ে আনা যায়নি, ড্র নিয়ে মাঠ ছাড়তে পেরেই হাঁফ ছেড়ে বেঁচেছে জুভেন্টাস। ১টি পয়েন্ট পাওয়ার জন্য ধন্যবাদ পাওনা গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের, দ্বিতীয়ার্ধে অন্তত দুবার গোলবঞ্চিত করেছেন নাপোলিকে।ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনির গোলে ১০ মিনিটের মাথায় জুভেন্টাসই এগিয়ে গিয়েছিল। বিরতির ২ মিনিট আগে গোখান ইনলারের গোলে সমতা আনে ম্যারাডোনার সাবেক ক্লাব। বিরতির পর অনেক চেষ্টা করেও জুভদের রক্ষণদুর্গে ফাটল ধরাতে পারেনি নাপোলি। খেলা শুরু আগেই অবশ্য ছড়িয়ে পড়েছিল উত্তেজনা। নাপোলি সমর্থকেরা পাথর ছুড়ে মারে জুভেন্টাসের বাসে। এর জের ছিল মাঠেও। গোলদাতা কিয়েল্লিনিকে কনুই মেরে বসেন নাপোলি স্ট্রাইকার এডিনসন কাভানি। কিয়েল্লিনিও তাঁর চুল ধরে দেন টান। দুজনই অবশ্য পার পেয়ে গেছেন হলুদ কার্ড দেখেই। ম্যাচ শেষে এসব বিতর্কে যোগ দেননি জুভেন্টাস কোচ আন্তোনিও কন্তে। বরং লক্ষ্যে অবিচল থাকতে বলছেন শিষ্যদের, ‘শিরোপা এখনো অনেক দূর। ৬ পয়েন্ট মানে আমরা সুবিধাজনক জায়গায় আছি। আমাদের হাতে ১১টি ম্যাচ। ইন্টার, মিলান, কাতানিয়ার সঙ্গে খেলা বাকি। বাকি পয়েন্টগুলো নেওয়ার জন্য আমাদের সংকল্পবদ্ধ থাকতে হবে। কারণ প্রতিটা ম্যাচই কঠিন, আর সামনে কী চমক অপেক্ষা করছে তা কেউ জানে না।’ এদিকে কাল অঘটনের শিকার হয়েছে প্যারিস সেন্ট-জার্মেই। ফরাসি দৈত্যরা হেরেছে ৬০ মিনিটেই ১০ জনের দল হয়ে পড়া স্টাড রেসেঁর কাছে। অবনমন অঞ্চলে ঘুরপাক খাওয়া রেসেঁর একমাত্র গোলটি করেছেন পোলিশ স্ট্রাইকার গ্রেগর ক্রিচোভিয়াক। লিগে এটা পিএসজির পঞ্চম পরাজয়। এখনো পয়েন্ট টেবিলে সবার ওপরে আছে পিএসজি। তবে আজ জিতলেই তাদের ধরে ফেলবে লিওঁ। এএফপি, রয়টার্স।