শীর্ষে থাকার লড়াই শুরু কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল থেকে শুরু দুই টেস্টের সিরিজটা ভারতের জন্য টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখার। আর দক্ষিণ আফ্রিকার জন্য শীর্ষস্থান ফিরে পাওয়ার। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার প্রতিশোধ নেওয়ারও কি নয়? র্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গাটা যে তাদের কাছে হেরেই ছাড়তে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে!প্রতিশোধই বলুন কিংবা শীর্ষস্থান ফিরে পাওয়ার চ্যালেঞ্জ, নাগপুরের প্রথম টেস্টের আগে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক গ্রায়েম স্মিথ কিন্তু লক্ষ্য অর্জনে বেশ আত্মবিশ্বাসী, ‘ভারত এখন বিশ্বের এক নম্বর দল। কৃতিত্ব তাদের দিতেই হবে। কিন্তু আমাদের লক্ষ্য শীর্ষস্থানটা তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া।’উপমহাদেশ থেকে সিরিজ জিতে ফেরা কতটা কঠিন, সেটা স্মিথও জানেন। তারপরও তাঁর আত্মবিশ্বাসের পালে হাওয়া দিচ্ছে আগের সফরটা।২০০৮ সালের স্মৃতি অবশ্যই প্রেরণাদায়ী। কিন্তু এবার ভারতে রওনা হওয়ার আগে দেশেই অনেক ঝামেলা দেখে আসতে হয়েছে দক্ষিণ আফ্রিকা দলটাকে। দীর্ঘদিনের কোচ মিকি আর্থার পদত্যাগ করেছেন, ইংল্যান্ডের সঙ্গে দেশের মাটিতে খেলা সিরিজ ১-১-এ ড্র করার পর সরিয়ে দেওয়া হয়েছে মাইক প্রক্টরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকেও। আর্থারের জায়গায় ভারত সফরের জন্য আপত্কালীন কোচ করা হয়েছে জাতীয় হাইপারফরম্যান্স কোচ কোরি ভ্যান জিলকে। দক্ষিণ আফ্রিকার জন্য অবশ্য আশার কথা, বাংলাদেশ সফরে ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে গেছেন রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ আর শ্রীশান্ত। বাঁ হাতের কব্জিতে সমস্যা যুবরাজ সিংয়ের। আর ধোনি ভুগছেন পিঠের ইনজুরিতে। কাল থেকে শুরু নাগপুর টেস্টের পর ইডেন গার্ডেনে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৪ ফেব্রুয়ারি থেকে। এএফপি।