শীর্ষে থেকে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা
‘সি’ গ্রুপ থেকে সুপার এইটে যাওয়াটা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল স্বাগতিক শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার। আজকে এই দুই দলের ম্যাচকে তাই অভিহিত করা যায় শীর্ষস্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করার লড়াই হিসেবে। আর সেই লড়াইয়ে জয় হয়েছে দক্ষিণ আফ্রিকার। মাত্র সাত ওভারের ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৩২ রানে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষ দল হিসেবে পরবর্তী রাউন্ডে অংশ নেবে প্রোটিয়ারা। জয়ের জন্য ৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত সাত ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে ৪৬ রান সংগ্রহ করে লঙ্কানরা।প্রোটিয়া পেসারদের দুর্দান্ত বোলিংয়ের মুখে খুব একটা স্বচ্ছন্দে খেলতে পারেননি লঙ্কান ব্যাটসম্যানরা। দিলশান মুনাওয়েরা ও কুমার সাঙ্গাকারা ছাড়া কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। এই দুই ব্যাটসম্যান করেছেন দলের পক্ষে সর্বোচ্চ ১৩ রান। দক্ষিণ আফ্রিকার পক্ষে দুই ওভার বল করে ১০ রানের বিনিময়ে দুটি উইকেট নিয়েছেন ডেল স্টেইন।এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে বেশ ভালো পারফরম্যান্সই দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। তৃতীয় ওভারে ২৭ রানে দুই উইকেটের পতনের পর ১৩ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলেন এবি ডি ভিলিয়ার্স। হাশিম আমলা ১৬ ও ডু প্লেসিস ১৩ রান করেছেন। শেষপর্যায়ে জেপি ডুমিনির ৫ বলে ১২ রানের ইনিংসটির সুবাদে স্কোরবোর্ডে ৭৮ রান যোগ করে প্রোটিয়ারা।হাম্বানটোটায় বৃষ্টির বাধায় নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচটি। বৃষ্টি থামার পর মাত্র সাত ওভারের ম্যাচ খেলতে মাঠে নামে এই দুই দল। টি-টোয়েন্টি ক্রিকেটে আজই প্রথম মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।