শীর্ষে ফিরল চেলসি, ম্যানইউয়ে বিধ্বস্ত সিটি
স্টামফোর্ড ব্রিজে বার্মিংহামকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে ফিরল চেলসি। একই রাতে বড় জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেডও। তাদের ৩-১ গোলের জয়টা নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বিপক্ষে। তবে এটি লিগে নয়, লিগ কাপের সেমিফাইনালে। ইংল্যান্ডে যখন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি আরেকটি বড় জয়ের আনন্দে ভাসালেন চেলসিকে, তখন ইতালিতে ছেড়ে আসা তাঁর পুরোনো দল ডুব দিল আরেকটি পরাজয়ের অন্ধকারে। উদিনেসের কাছে ০-১ গোলে হেরে পরশু কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে গেছে এসি মিলানের ইতালিয়ান কাপের অভিযান। সান সিরোতে মিলান এই নিয়ে চার দিনের ব্যবধানে দেখল দ্বিতীয় পরাজয়। শনিবার একই মাঠের শরিক ইন্টার মিলানের কাছে ২-০ গোলে হারে ৯ পয়েন্ট পিছিয়ে পড়েছে স্কুডেট্টো ফিরে পাওয়ার লড়াইয়ে। আর এ দিন গোখান ইনলারের ৫৬ মিনিটের গোলে অকালমৃত্যু হলো আরেকটি শিরোপা-আকাঙ্ক্ষার। লিগে ১২ ম্যাচসহ টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়ে পরশু চেলসির মুখোমুখি হয়েছিল বার্মিংহাম। কিন্তু দুর্দান্ত ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ও ফ্লোরেন্ত মালুদার কাছে তাদের অহংকারটা চূর্ণ হয়ে গেল যেন এক ফুত্কারে। মাঝমাঠে বার্মিংহামকে ভেঙেচুরে দিয়ে ২ গোল করেছেন ল্যাম্পার্ড। আর জো কোলের ক্রসে হেড করে মাত্রই পাঁচ মিনিটে চেলসিকে এগিয়ে দিয়েছিলেন মালুদা। ৩০ মিনিটে ২০ গজি শটে গোল করে স্কোরলাইন ২-০ করেন ল্যাম্পার্ড। একেবারে শেষ দিকে করা তাঁর দ্বিতীয় গোল বার্মিংহামকে ম্যাচে ফেরার কোনো সুযোগ না দিয়ে চেলসিকে তুলে দেয় শীর্ষে। ২২ ম্যাচে ৫১ পয়েন্ট হলো চেলসির, ২৩ ম্যাচে ৫০ পয়েন্ট ম্যানইউর। একই রাতে আর্সেনাল দ্বিতীয় স্থানে থেকে শুরু করে গোলশূন্য ড্র করেছে অ্যাস্টন ভিলার সঙ্গে। এই ড্র তৃতীয় স্থানে নামিয়ে দিল ‘গানার’দের, ২৩ ম্যাচে তাদের পয়েন্ট ৪৯।ম্যাচটা লিগ কাপের, কিন্তু ম্যানইউ ও ম্যান সিটির ম্যাচটা যেন ইংলিশ ফুটবলকে বুধবার ফেলে দিয়েছে তপ্ত কড়াইয়ে। প্রথম লেগে ম্যান সিটির কাছে ২-১ গোলে হেরে আসা ম্যানইউকে ওল্ড ট্রাফোর্ডে জিততেই হতো। ৫২ মিনিটে পল স্কোলসের গোলের পর ৭১ মিনিটে গোল করে ম্যানইউকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন মাইকেল ক্যারিক। কিন্তু ৭৬ মিনিটে কার্লোস তেভেজের গোলে দুই লেগ মিলিয়ে সমতায় দাঁড়িয়ে যায় ম্যান সিটি। এর পরই দেখা গেল ওয়েইন রুনির ‘জাদু’। ইনজুরি সময়ে তাঁর দেওয়া গোলে জিতল ম্যানইউ। ৪-৩ গোল গড়ে নিশ্চিত হলো ফাইনাল। আগামী ২৮ ফেব্রুয়ারি ওয়েম্বলির ফাইনালে তাদের দাঁড়াতে হবে অ্যাস্টন ভিলার সামনে। ১৯৯৪ সালে লিগ কাপের ফাইনালে এই অ্যাস্টন ভিলাই ম্যানইউকে হারিয়ে দিয়েছিল ৩-১ গোলে।ম্যানইউর জয়সূচক গোলটা ছিল রুনির এ মৌসুমের ২১তম গোল। এই গোলের পর পুরো ওল্ড ট্রাফোর্ড যেন মেতে উঠেছিল ‘বুনো’ আনন্দে। জয় উদ্যাপনেও তাহলে ম্যান সিটির বিপক্ষে প্রতিশোধ নিল ম্যানইউ! সেমিফাইনালের প্রথম লেগে ম্যান সিটি, বিশেষ করে ম্যানইউর ছেড়ে দেওয়া স্ট্রাইকার তেভেজ ২ গোল করে যে উদ্যাপন করেছিলেন সেটি তারা কী করে ভোলে?এখন জানা গেল তেভেজ জানতেনই, না ফাইনালে যেতে সেমিফাইনালে দ্বিতীয় লেগটাও খেলতে হতো ম্যান সিটিকে। আর্জেন্টাইন স্ট্রাইকার এটি জানার পর সংবাদ সম্মেলনে অবিশ্বাসে বলে ওঠেন, ‘এটা কী রকম বাজে ব্যাপার হলো? তার মানে আমার দুই গোলের কোনো মূল্যই থাকবে না যদি রুনির অনুপ্রেরণায় ম্যানইউ দ্বিতীয় লেগ জেতে ৩-০-তে!’ ওয়েবসাইট।