শীর্ষে ফিরল জুভেন্টাস
সময়টা ভালো যাচ্ছিল না আলেসান্দ্রো দেল পিয়েরোর। জুভেন্টাসের মূল একাদশে সুযোগ পাচ্ছিলেন না নিয়মিত। খেলতে হচ্ছিল বদলি হিসেবে। পরশু সেসেনার বিপক্ষে একটু আগেভাগেই মাঠে নামার সুযোগ পেলেন, সেটাও ৫৬ মিনিটে। তবে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়ার আগে খেলেছেন মাত্র ৮ মিনিট। মার্কো রসির বুটের আঘাতে ক্ষতবিক্ষত কপালে আটটি সেলাই পড়েছে। রাত কাটাতে হয়েছে হাসপাতালে।অধিনায়ককে হারালেও জুভেন্টাস জিতেছে ২-০ গোলে। ফলে ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে আবারও শীর্ষে তুরিনের ‘ওল্ড লেডি’। এসি মিলান ও উদিনেসের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে গেল দলটি। পুরো ম্যাচেই প্রাধান্য দেখানো জুভেন্টাসকে প্রথম গোলের জন্য অবশ্য অপেক্ষা করতে হয়েছে ৭২ মিনিট। ক্লদিও মারচিসিও দলকে এগিয়ে নেওয়ার পর ৮৩ মিনিটে বিতর্কিত পেনাল্টি থেকে গোল করেন আরতুরো ভিদাল। লাল কার্ড দেখেন সেসেনার গোলরক্ষক আন্তোনিওলি।পরশু তিনটি লাল কার্ড দেখা ম্যাচে ফিওরেন্টিনা ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে এএস রোমাকে। হুয়ান লাল কার্ড দেখলে ১৬ মিনিটেই ১০ জনের দল হয়ে যায় রোমা, ৭৭ মিনিটে ফার্নান্দো গ্যাগো ও ৮৪ মিনিটে বার্সেলোনা থেকে আসা বোজান কিরকিচও লাল কার্ড দেখায় ৮ জন নিয়ে ম্যাচ শেষ করে রোমা। দলের সাবেক খেলোয়াড় প্রয়াত সক্রেটিসের প্রতি শ্রদ্ধা জানিয়ে খেলা শুরু করা ফ্লোরেন্সের ক্লাবটি প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল ২-০ গোলে। এএফপি।